আসালাঙ্কা, ভেল্লালাগের ঝড়ে ম্লান ইব্রাহিমের রেকর্ড ইনিংস
শেষ ৩৬ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৬৮ রান। তবে আশা হয়ে ছিলেন চারিত আসালাঙ্কা। বিশ্বকাপ সুপার লিগে শ্রীলঙ্কাকে গুরুত্বপূর্ণ এক জয় এনে দিলেন তিনি, সঙ্গে পেলেন দুনিত ভেল্লালাগেকে। আসালাঙ্কার ৭২ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে ভেল্লালাগের ২১ বলে ৩১ রানের ইনিংসে আফগানিস্তানের দেওয়া ৩১৪ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ছুঁয়ে ফেলেছে ২ বল বাকি থাকতেই। তাতেই ম্লান হয়ে গেছে ইব্রাহিম জাদরানের রেকর্ড ১৬২ রানের ইনিংস, রশিদ খানের ৩৭ রানে ৪ উইকেটের দারুণ বোলিং। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হয়েছে ১-১-এ।
কুশল মেন্ডিস ও পাতুম নিশাঙ্কার ১০১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিতই পেয়েছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ৩৩ রান করতে খেলেন ৫৫ বল, তবে মেন্ডিস ৬৭ রান করেছেন মাত্র ৬১ বলে। অবশ্য ১৫ রানের ব্যবধানে মেন্ডিস, নিশাঙ্কার পর ডি সিলভাকেও হারিয়ে ফেলেন লঙ্কানরা। রশিদ খানের পর মোহাম্মদ নবি ম্যাচে ফেরান আফগানদের।
শ্রীলঙ্কার পুনর্গঠনের প্রথম কাজটা দিনেশ চান্দিমালকে নিয়ে করেন আসালাঙ্কা, ৪৮ বলে ৪৮ রানের জুটিতে। ৩২ বলে ৩৩ রান করা চান্দিমালকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নবি। দাসুন শানাকাকে নিয়ে আসালাঙ্কা এরপর তোলেন ৬৮ বলে ৭৯ রান। ৪৪ বলে ৪৩ রান করা শানাকাকে বোল্ড করে আবার ব্রেকথ্রু দেন রশিদ, পরের ওভারে এসে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি নেন এই লেগ স্পিনার।
ঠিক পরের ওভারেই মুজিব উর রেহমানের ওপর চড়াও হন আসালাঙ্কা, মারেন ২ ছক্কা। রশিদকে ৪৬তম ওভার পর্যন্ত ধরে রেখেছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ, ৪৭তম ওভারে এসে রশিদ দেন মাত্র ৩ রান। শেষ ১৮ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৭ রান।
পরের ওভারের শেষ বলে দুনিত ভেল্লালাগে মারেন একটি চার, ১২ বলে দরকার ছিল ২৯ রান। গুলবদিন নাইবের করা ৪৯তম ওভারে ভেল্লালাগে মারেন তিনটি চার। পরের ওভারের প্রথম বলে ফজলহক ফারুকিকে ছক্কা মারেন, চতুর্থ বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ভেল্লালাগে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে শুরুটা বাজেই হয়েছিল আফগানিস্তানের। ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তৃতীয় ওভারে কাসুন রাজিতার বল স্টাম্পে ডেকে আনেন রহমানউল্লাহ গুরবাজ, ১২তম ওভারে গিয়ে রাজিতার দ্বিতীয় শিকারে পরিণত হন রহমত শাহ। একটু পর ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লু হন অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
দুই জাদরান—ইব্রাহিম ও নাজিবুল্লাহর ১৫৪ রানের জুটি এরপরই। শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেটেই আফগানিস্তানের এটি সর্বোচ্চ, চতুর্থ উইকেটে যেকোনো দলের বিপক্ষেও সর্বোচ্চ। ৩৮তম ওভারে গিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফেরান নাজিবুল্লাহকে, যিনি ৭৬ বলে করেন ৭৭ রান। নাজিবুল্লাহ অবশ্য আউট হন ইনিংসের শেষ বলে গিয়ে।
ইব্রাহিম ফিফটি করেছিলেন ৬৪ বলে, সেঞ্চুরি করতে লাগে ১০০ বল। ৮ ম্যাচের ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। পরের ফিফটি করতে ইব্রাহিমের লাগে মাত্র ৩২ বল। শেষ বলে ক্যাচ তুলেছেন, ১৩৮ বলে করেছেন ১৬২ রান। ওয়ানডেতে কোনো আফগান ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ইনিংস। ইব্রাহিম ১৫টি চারের সঙ্গে মারেন ৪টি ছয়।