‘এ রকম টুর্নামেন্টে আপসেট হয়ে যেতে পারে’—এশিয়ান গেমসের আগে বাংলাদেশ কোচ সালাহউদ্দীন

এশিয়ান গেমস বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহউদ্দীনশামসুল হক

ঘরের মাঠে বাংলাদেশ দল ক্যাম্প করেছে প্রায় দিন দশেক। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচও। আইচি–নাগোয়া এশিয়ান গেমসের প্রস্তুতিটা বাংলাদেশ ক্রিকেট দল নিয়েছে বেশ ভালোভাবেই। প্রস্তুতি নিয়ে তাই সন্তুষ্টি আছে দলের। আগামী পরশু মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে এবারের এশিয়ান গেমস শুরু করবে বাংলাদেশ দল।

২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও ছিল একই প্রতিপক্ষ। সেবার সাইফ হাসানের নেতৃত্বাধীন দলের জিততে বেশ কষ্টই হয়েছিল। শেষ বলে গড়ানো ম্যাচে ২ রানে জয় পায় বাংলাদেশ। এবার অবশ্য বাংলাদেশ অপেক্ষাকৃত শক্তিশালী দল পাঠিয়েছে। আর কিছুদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দলই মালয়েশিয়া জাতীয় দলকে ৫০ ওভার ও টি–টুয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে।

তবে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

আজ জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হয়। এখানে আসলে অনেক সময় টস একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে বলব যে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত নয়। খেলেই আমাদের জিততে হবে।’

আরও পড়ুন

এবারের এশিয়ান গেমসে একাধিকবার বাধা হয়েছে বৃষ্টি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। তবে সালাহউদ্দীন চান, ম্যাচটা খেলেই জিততে, ‘ম্যাচ হলে খুবই খুশি হবো; কারণ, আপনি হঠাৎ করে ৫-৭ দিন ম্যাচ ছাড়া (সেমিফাইনাল বা ফাইনালে) যখন সরাসরি ম্যাচ খেলবেন, খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমরা কীভাবে খেলছি…ওখান থেকে পরেরটা আমরা পরেরটা চিন্তা করব। আগেই পরেরটা দিকে চিন্তা না করে আমাদের প্রথম ম্যাচটা নিয়ে আসলে ভাবা উচিত।’

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটাররা
বিসিবি

দেশ ছেড়ে যাওয়ার আগে এশিয়ান গেমসে কোচ ও অধিনায়ক দুজনই বড় প্রত্যাশার কথা জানিয়ে গেছেন। এখন ক্রিকেট দলের প্রতি প্রত্যাশার চাপটাও বেশি। এবারের এশিয়ান গেমসে এখন পর্যন্ত কেবল উশুতে একটি ব্রোঞ্জ জিতেছে। আশা থাকলেও ক্রিকেটে মেয়েরা পদক পায়নি। ছেলেদের ক্রিকেটে প্রত্যাশাটা তাই একটু বেশিই।

তা অজানা নয় দলেরও, ‘যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলি, এটা শুধু ক্রিকেটের যাঁরা, তাঁরাই হয়তো সেটা নিয়ে খুব ফোকাস করেন। কিন্তু এখানে পুরো দেশের মানুষ জনগণ এটার দিকে তাকিয়ে আছে যে একটা পদক আমাদের জন্য। তো আমার মনে হয় ছেলেদের ওই মোটিভেশনটা আছে। আমরাও জানি যে এটার গুরুত্ব কতটুকু।’

আরও পড়ুন