রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাইফ হাসানএসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে ব্যাট করা হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট হারিয়ে তারা করে ফেলেছিল ২১৯ রান। তবে এই রান নিয়েও লড়াই করতে পারেনি হংকং। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে গেছে বাংলাদেশ ‘এ’।

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।

তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।

৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।

তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার পারভেজ হোসেন। ২০ বলে ১২ রান করেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে ১২২ বলে ৮৪ রানের জুটিতে বাংলাদেশের জয় সহজ করে ফেলেন সাইফ ও শাহাদাৎ হোসেন।

শাহাদাৎ ৪৩ রানে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাইফ। তাঁর সঙ্গী হিসেবে বাকি সময় উইকেটে ছিলেন ইয়াসির আলী। ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ রান আসে তাঁর ব্যাট থেকে, ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রান করেন ইয়াসির।

রাইজিং স্টারস এশিয়া কাপের পরের ম্যাচে শনিবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’।

আরও পড়ুন