ভারত–পাকিস্তানকে ‘সুবিধা’ করে দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৬/৬। নেদারল্যান্ডস: ১৫.৫ ওভারে ১০৩। ফল: যুক্তরাষ্ট্র ৯৩ রানে জয়ী।
ম্যাচটা ছিল যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডসের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ডাচদের ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই জয়ে ‘এ’ গ্রুপে ‘সুবিধা’ হয়েছে ভারত ও পাকিস্তানের। সুপার এইটে ওঠার লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর চাপ এখন অনেকটাই কমেছে।
‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষ দুইয়ে আছে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচ করে খেলা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২ করে। ভারত ও পাকিস্তানের হাতে দুটি করে ম্যাচ থাকায় সুপার এইটের সম্ভাবনা বাড়ল।
ভারত ও পাকিস্তানের কাছে হেরে যাওয়া যুক্তরাষ্ট্র আজ নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৯৬ রান। তিনে নামা সাইতেজা মুকামাল্লা সর্বোচ্চ ৫১ বলে ৭৯ রান করেন। এ ছাড়া শুভম রঞ্জন ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।
তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডির ব্যাট থেকে। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২১ রানে নেন ৪ উইকেট। পাকিস্তানের কাছে হারের পর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরা ডাচরা অলআউট হয় ১৫.৫ ওভারে।
যুক্তরাষ্ট্রের জয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ভারত ও পাকিস্তানের শীর্ষে থাকার পথ অনেকটাই পরিষ্কার। আগামীকাল দুই দলের লড়াইয়ে যে দল জিতবে, তারা সুপার এইট নিশ্চিত করে ফেলবে। হেরে যাওয়া দলের সুযোগ থাকবে আরও একটি ম্যাচ। পাকিস্তানের শেষ ম্যাচের প্রতিপক্ষ নামিবিয়া, ভারতের নেদারল্যান্ডস।