নেশা করে স্ত্রীকে পিটিয়ে বিপদে বিনোদ কাম্বলি
ছিলেন ক্রিকেট রূপকথার অংশ। শচীন টেন্ডুলকারের সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম। কিন্তু প্রতিভার নিদারুণ অপচয়ে ক্যারিয়ারটা অকালেই হাওয়ায় মিলিয়ে গেছে।
বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া বিনোদ কাম্বলির আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি পড়েছে সেই ২০০০ সালে। এরপর ২৩ বছর পেরিয়ে গেলেও নিজেকে শোধরাতে পারেননি ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান। এবার মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে কাম্বলির বিরুদ্ধে। এ ঘটনায় মুম্বাইয়ের বান্দ্রা থানায় এজাহার (এফআইআর) করেছেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া হিউইট।
বান্দ্রা পুলিশের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার বেলা একটা থেকে দেড়টা নাগাদ নেশা করে বাসায় আসেন কাম্বলি। ঘরে ঢুকেই স্ত্রী হিউইটকে গালিগালাজ শুরু করেন। এ দম্পতির ১২ বছরের ছেলেসন্তান বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলে কাম্বলি রান্নাঘরে ঢুকে যান এবং ভাঙা কড়াইয়ের হাতল হিউইটের দিকে ছুড়ে মারেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে।
এখানেই থামেননি কাম্বলি। স্ত্রীকে ব্যাট দিয়ে মারতেও উদ্যত হন সাবেক এই ক্রিকেটার। চিকিৎসা নিতে তাঁর স্ত্রী হিউইট প্রথমে স্থানীয় ভাবা হাসপাতালে যান। সেখান থেকে থানায় পৌঁছে পুলিশের কাছে মেডিকেল প্রতিবেদন জমা দেন এবং নিজের বয়ান রেকর্ড করেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় এজাহার করায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন কাম্বলি।
পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়েছেন কাম্বলির স্ত্রী হিউইট।
একজন ক্রিকেটারের কী করা উচিত, আর কী এড়িয়ে যাওয়া উচিত—এ ঘটনা যেন দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। শচীন টেন্ডুলকার দুই যুগ ভারতের হয়ে খেলেছেন। অথচ তাঁর মতোই প্রতিভাবান হয়েও কাম্বলি তেমন কোনো ছাপ রেখে যেতে পারেননি।অনিয়ম আর উচ্ছৃঙ্খল জীবন কাটিয়ে মাত্র ২৮ বছর বয়সেই জাতীয় দল থেকে ঝরে পড়েছেন তিনি।
ভারতের হয়ে ১৭টি টেস্ট খেলে ৫৪.০২ গড়ে ১০৮৪ রান করেছেন কাম্বলি। ওয়ানডে খেলেছেন ১০৪টি। ৩২.৫৯ গড়ে করেছেন ২৪৭৭ রান। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন কাম্বলি।