দলে সুযোগ না পেয়ে মাথা ন্যাড়া করেছিলেন এই লম্বা চুলের ক্রিকেটার
প্রথম দেখায় তাঁর কাঁধসমান চুল যে কারোরই চোখে পড়বে। উইকেট পাওয়ার আনন্দে মাথা ঝাঁকানো দেখেও বোঝা যায়, এই লম্বা চুলের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা আছে। অথচ একসময় নাকি পুরো মাথাই ন্যাড়া করে ফেলেছিলেন তিনি, তা–ও ক্রিকেটীয় হতাশা থেকে।
সুয়াশ শর্মা এখন ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ। তিন দিন পর ২০ বছর পূর্ণ হতে যাওয়া এই স্পিনার খেলছেন কলকাতা নাইট রাইডার্সে। এখন পর্যন্ত ৯ ম্যাচে তুলেছেন ১০ উইকেট। আইপিএল অভিষেক মৌসুমে উইকেট-সাফল্য আর ভিন্নধারার অ্যাকশনের পাশাপাশি কাঁধসমান চুলের কারণেও দৃষ্টি কেড়েছেন সুয়াশ। এই বড় চুলের কথা বলতে গিয়ে আবেগময় এক গল্প শুনিয়েছেন দিল্লির এই ক্রিকেটার।
আইপিএলের টুইটার হ্যান্ডলে প্রচারিত এক ভিডিওতে সুয়াশ গত বছরের একটি গল্প শোনান, ‘আমি তখন অনূর্ধ্ব-১৯ দলে ট্রায়াল দিয়েছি। বেশ ভালোও করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমাকে নিল না। নির্বাচিত তালিকা প্রকাশ করা হয়েছিল রাত সাড়ে বারটা-একটার দিকে। আমি তখন ঘুমাচ্ছি। তিনটার দিকে উঠে যখন সেটা দেখলাম, ভোট পাঁচটা পর্যন্ত আমি কেঁদেছি। তারা আমাকে একবারই ডেকেছিল। দেখে বলল, আমরা তোমাকে খুশি করতে পারছি না। তখনো আমি কেঁদেছি। এরপর আমি বাসায় গিয়ে পুরো মাথার চুল ফেলে দিই। খুবই হতাশ ছিলাম ওই সময়।’
হতাশাময় ওই সময়েই ঘুরে দাঁড়ানোর মনোবল জড়ো করেন সুয়াশ। সে কথাই বলছিলেন এভাবে, ‘আমি প্রতিজ্ঞা করলাম। নিজেকে বললাম, স্কিলকে এমন জায়গায় নিয়ে যাব, যাতে ওরা আমাকে বাড়ি থেকে এসে নিয়ে যায়।’
আইপিএলের আগে সুয়াশ কখনো প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ কিংবা স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। সেরা অভিজ্ঞতা ছিল দিল্লি অনূর্ধ্ব-২৫ দলে খেলার। এরপর কলকাতার ট্রায়ালে নজর কেড়ে সর্বশেষ নিলামে ২০ লাখ রুপিতে দলটিতে যোগ দেন তিনি।
মূলত, সাফল্য পেতে শুরু করার পরই চুল লম্বা রাখা শুরু করেন বলে জানান সুয়াশ, ‘এরপর (অনূর্ধ্ব-১৯ থেকে প্রত্যাখ্যান) আমার চুল বড় হলো, এদিকে খেলছিলামও ভালো। আর এই চুলের এই স্টাইলটা আমার সঙ্গে যায়ও ভালো। সব মিলিয়ে ভাবলাম রেখে দিই। এর পর থেকে আর চুল কাটি না।’