‘অস্ট্রেলিয়া যখনই চ্যালেঞ্জে পড়েছে, শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে’—দ্বিতীয় টেস্টের আগে বললেন ক্যারি
অস্ট্রেলিয়ার জন্য এমন হার মেনে নেওয়া কঠিনই। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে তাদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। শুধু যে হার, তা তো নয়—পুরোটা সময়ই একরকম দাপট দেখিয়েছে তারা। ধাক্কাটা তাই অস্ট্রেলিয়ার ক্রিকেটে জোরেশোরেই লেগেছে।
দলের ভেতর পরিবর্তনের দাবি তুলছেন সাবেকেরা, সমালোচনাও হচ্ছে বেশ। প্রথম টেস্টের দলে থাকা জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া, তা টের পাওয়া গেল উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির কথাতেও।
আজ ম্যাকাইয়ে অনুশীলনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, এই দলটা যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি আগামী শনিবারের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ডারউইনে দুই ইনিংস মিলিয়ে ৫০০ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশও সহজেই জয় পেয়েছে ৯ উইকেটে। এমন হারের পর যেকোনো দলই তাদের ভুলগুলো খুঁজে বের করে শোধরাতে চাইবে। ক্যারি জানিয়েছেন, ডারউইন টেস্টের সময়ই কাজটা করেছেন তাঁরা।
ক্যারি বলেন, ‘আমরা একদল গর্বিত ক্রিকেটার, গত সপ্তাহের ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমরা বিষয়টি নিয়ে চিন্তা করেছি, নিজেদের মধ্যে কথা বলেছি—ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে খেলার মধ্যেই আমরা এসব আলোচনা করেছি।’
সেই আলোচনায় বোধ হয় ব্যাটিংটাই বড় দুশ্চিন্তার জায়গা ছিল অস্ট্রেলিয়ার জন্য। ডারউইনে প্রথম ইনিংসে ৪৩ বলে ১৯ এবং দ্বিতীয় ইনিংসে ৭২ বলে ৩০ রান করেন ক্যারি। কমপক্ষে ৪০ বল খেলেছেন, এমন টেস্ট ইনিংসগুলোর মধ্যে এই দুটি ছিল তাঁর অন্যতম মন্থরগতির। এ নিয়েও কি কাজ করেছেন?
ক্যারি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ইনিংসে মাঠের পরিস্থিতি ছিল দুই রকম। মাঝে দুটো উইকেট পড়ে যাওয়ায় রান তোলার গতি কিছুটা কম ছিল। স্কয়ার অঞ্চলে ফিল্ডারদের পার করে শট খেলা বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে প্রতিপক্ষ খুব সুশৃঙ্খলভাবে খেলেছে, আর এটা থেকে আমরা অনেক কিছু শিখব।’