‘আমাদের বোলিং ওদের ভালো করতে সাহায্য করেছে’

আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শর্ট অ্যান্ড ওয়াইড’।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের প্রথম দিনের ধারাভাষ্যে এ দুটি শব্দ অনেকবার খুঁজে পাবেন। বাঁহাতি রিস্ট স্পিনার জহির খানের স্পেলের দ্বিতীয় বলটির কথাই ধরুন। বাংলাদেশ ইনিংসের ১২তম ওভারের কথা এটি। ওয়াইড অব দ্য ক্রিজ থেকে নাজমুল হোসেনকে করা সে বলটি পিচ করেছে মাঝ উইকেটে। সেখান থেকে কিছুটা টার্ন করে বেরিয়ে গেছে অফ স্টাম্পের অনেক বাইরে।

জহির সারা দিনে এমন বল আরও করেছেন। আরেক স্পিনার আমির হামজার লাইন-লেংথেও ধারাবাহিকতা ছিল না। অনিয়মিতদের মধ্যে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও রহমত শাহও বোলিং করেছেন। একের পর এক নো বল, ফুল টস, শর্ট বল করে গেছেন প্রত্যেকেই।

হতাশ করেছেন আফগান পেসাররাও। মিরপুরের উইকেটের সবুজ ঘাসের সুবিধা নিতে পারেননি ইয়ামিন আহমেদজাই ও নিজাত মাসুদ। চোখে পড়ার মতো সুইং ছিল না তাঁদের বোলিংয়ে। খুব বেশি সিম মুভমেন্টও পেয়েছেন বলা যাবে না। অভিষিক্ত অলরাউন্ডার করিম জানাতকেও কার্যকরী মনে হয়নি।

মিরপুর টেস্টের প্রথম দিনে এমন উদ্‌যাপনের উপলক্ষ আফগানিস্তান খুব বেশি পায়নি।
প্রথম আলো

এলোমেলো বোলিংয়ে রান খরচা করেছেন প্রত্যেকেই। এতটাই যে টানা তিনটি বল এক জায়গায় ফেলতেও কষ্ট হচ্ছিল আফগানদের। হুট করে হয়ে যাওয়া দু-একটি ভালো বল বাদ দিলে আফগান বোলিংয়ে ধারাবাহিকতা ছিল না বললেই চলে। আফগানরা যে ২৭ মাস পর টেস্ট খেলতে নেমেছে, সেটা তাদের বোলিংয়েই ফুটে উঠছিল।

আর অভিজ্ঞতার দিক থেকে এই আফগান বোলিং আক্রমণ এখনকার টেস্ট ক্রিকেটের সবচেয়ে অনভিজ্ঞ। উইকেটেও ছিল না তেমন কোনো চ্যালেঞ্জ। সোজা কথায়, শট নির্বাচন ঠিক থাকলে এই উইকেটে বড় রান করা কঠিন কিছু মনে হচ্ছিল না। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সে সুযোগটা লুফে নিয়েছেন দুই হাতে।

আফগান বোলারদের ভুগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন, তুলে নিয়েছেন সেঞ্চুরি।
প্রথম আলো

নাজমুল হোসেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে আউট হয়েছেন ১৪৬ রান করে। ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে এসেছে ৭৬ রানের ইনিংস। শেষ বেলায় মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সৌজন্যে বাংলাদেশ প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান করেছে বাংলাদেশ। যা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান। প্রতি ওভারে সাড়ে চারের বেশি রান রেটে খেলায় এসেছে এ রান।

আরও পড়ুন

নিজ দলের বোলারদের নিশানার অধারাবাহিকতার বিষয়টি ট্রট বিশ্লেষণ করেছেন এভাবে, ‘আমরা একদমই ভালো বোলিং করিনি। আমরা ঠিক জায়গায় যথেষ্ট বল করিনি। আপনি যদি ঠিক জায়গায় বল না করতে পারেন, তাহলে টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমরা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারিনি। কিছু ক্ষেত্রে হয়তো করেছি। কিন্তু সেটা যথেষ্ট নয়।’

দিনের শুরুতে জাকির আউট করে উল্লাস আফগান ফিল্ডারদের
প্রথম আলো

স্বাভাবিকভাবেই আগামীকাল সে ভুলটা করতে চায় না আফগানরা। তাহলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আফগানদের লক্ষ্য কী? এ প্রশ্নের উত্তরে ট্রট একটু মজা করে বললেন, ‘১০ রানে ৫ উইকেট নিতে চাই। এরপর ৫০০ রান করতে চাই (হাসি)।’

পরে যোগ করলেন, ‘আমরা নতুন বল পাব। আশা করি, পেসাররা সেটা কাজে লাগিয়ে ভালো বল করতে পারবে। আজকের প্রচণ্ড গরমে কঠিন শিক্ষাই হয়েছে ছেলেদের।’
আফগানিস্তান দলের বোলারদের এবার সে শিক্ষা কাজে লাগানোর পালা।

আরও পড়ুন