প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ইনিংস হারকে যেভাবে দেখছেন ট্রাভিস হেড
২৩ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ শুরুর আগে তারা মাঠে নেমেছিল তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। প্রস্তুতি ভালো হয়নি, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ওই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ২৬৩ রান করে বাংলাদেশ। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট ৫৪ রানে। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ছাড়া ম্যাচে বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান পঞ্চাশও ছুঁতে পারেননি।
আজ ডারউইনে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে জানতে চাওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডের কাছে। উত্তরে তিনি যা বলেছেন, তা শুনে একটু স্বস্তি পেতে পারে বাংলাদেশ। হেড বলেছেন, ‘যা হওয়ার তা তো হয়েছেই। এত বছরে আমিও অনেক বাজে ম্যাচে খেলেছি। এ ধরনের (প্রস্তুতি) ম্যাচগুলোতে সব সময়ই একটা আলাদা চ্যালেঞ্জ থাকে, কারণ তখন আপনার মন অন্য কোথাও (মূল টেস্টে) পড়ে থাকে।’
১৩ আগস্ট দুই দলের মূল লড়াইটা শুরু হবে ডারউইনে, ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। এই দুই ম্যাচের দলে থাকা কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারই ছিলেন না প্রস্তুতি ম্যাচের দলে।
হেড মনে করেন, ওই ম্যাচের ইনিংস হার নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা, ‘বাংলাদেশ দলেও এমন কিছু ক্রিকেটার থাকবে, যারা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ও সেখান থেকে তাদের কী পাওয়ার আছে, তা নিয়ে ভাবছে। তারা প্রথম ইনিংসে ভালো খেলেছে, ২৭০–এর মতো (২৬৩) রান করেছে, সেঞ্চুরিও পেয়েছে। বাইরে থেকে ফলাফল যেমনই দেখাক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দলের ভেতর থেকে তারা কেবল বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাবছে।’