ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল গতকালই আচমকা অবসর নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডের জন্য অনুমিতভাবেই অধিনায়ক হয়েছেন লিটন। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনেও এলেন তিনিই। এ রকম দিনে সংবাদ সম্মেলনে কেমন প্রশ্ন হতে পারে, তা অজানা থাকার কথা নয় লিটনের। এমন সব প্রশ্নের জন্য নিশ্চয়ই মানসিক প্রস্তুতি নিয়েই এসেছিলেন তিনি।
তামিমের অবসর নেওয়ার সিদ্ধান্ত তাঁর সতীর্থদের জন্যও বিস্ময় হয়েই এসেছে। আজ লিটনের কথায়ও তা পরিষ্কার, ‘আমি বিষয়টা জানতে পেরেছি, বেলা ১টার দিকে। স্বাভাবিক বিষয়, আমি অনেক দিন ধরে খেলেছি তাঁর সঙ্গে। এ রকম একটা সিদ্ধান্ত আসবে, এটা আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। তবে এটা সম্পূর্ণ বড় ভাইয়ের (তামিম) সিদ্ধান্ত। উনি এত দিন ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন, অনেক কিছু দিয়েছেন।’
তামিমের অবসরের সিদ্ধান্তকে সম্মান করা উচিত বলেও মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমরা সবাই যেন উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেটাকে সম্মান করি। আমাদের সবারই তা করা উচিত। সবারই একটা ব্যক্তিগত পরিকল্পনা থাকে।’
তবে তামিম যেহেতু অবসর নিয়েই ফেলেছেন, এখন আর পেছন ফিরে তাকাতে চাচ্ছেন না লিটন। তামিমকে মিস করবেন কি না, এমন প্রশ্নে ক্রিকেটারদের অবসর নেওয়াটাকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে বলেছেন, ‘(তামিম মিস করার কথা) বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না, এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে। তারা আসবে, আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, আমার মনে হয়।’ এটা নিয়ে আর কথা বলার দরকার নেই।’
তামিমের অবসর দলের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস তাঁর, ‘দেখেন, উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে থাকবেন না...এটা যদি কোনোভাবে ইনজুরির কারণে হতো, আমরা কিন্তু বিকল্প দলই খেলতাম। আমার কাছে মনে হয় না, কোনো কিছুতে বদল আসবে। একইভাবে থাকবে সবকিছু।’
তামিম না থাকায় আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে লিটনের নেতৃত্ব দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে আজ সকালেই। হুট করেই অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব, তার ওপর প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ সিরিজে পিছিয়ে। সঙ্গে আবার তিনি দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও। সব মিলিয়ে বাড়তি চাপ হয়ে গেল কি না? লিটন অবশ্য প্রশ্নটা বেশ হালকা মেজাজেই উড়িয়ে দিলেন, ‘না ভাইয়া, চিল (হাসি)।’
আগেও নিয়মিত অধিনায়কের অবর্তমানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন, সাফল্যও পেয়েছেন। এবারও সুযোগ পেয়ে নতুন কিছু করার চিন্তা তাঁর, ‘বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা গর্বের বিষয়। আগেও আমি চেষ্টা করেছি দলকে সেরা কিছু দিয়ে ম্যাচ জেতানোর। এবারও ভিন্ন কিছু হবে না। এবারও আমি চেষ্টা করব ভালো কিছু করতে।’