ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ইরানকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণকে তিনি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।
আজ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’
আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে আটলান্টায় ফিফার প্রস্তুতি সভায় একমাত্র ইরানই অনুপস্থিত ছিল। তবে গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে আশ্বস্ত করেছেন। ট্রাম্প তাঁকে বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে তাঁর কোনো আপত্তি নেই।
এরপর বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি জানান, ইরান যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে খেলতে যাওয়ার প্রশ্নই আসে না।’
অবশ্য বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ফিফা বা ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।