ওয়ার্নের ছায়ায় বেড়ে ওঠা হরিজের গল্প

আয়ারল্যান্ড দলের স্পিন বোলিং কোচ নাথান হরিজছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড দলের ঐচ্ছিক অনুশীলন ছিল সেদিন। কিন্তু কোচিং স্টাফের একজনকে দেখে মনে হচ্ছিল না, তাঁর অভিধানে ঐচ্ছিক বলে কোনো শব্দ আছে। আয়ারল্যান্ড দলের স্পিন বোলিং কোচ নাথান হরিজের কথা। চট্টগ্রামের গরমে অনুশীলনে আসা আয়ারল্যান্ড দলের স্পিনারদের নিয়ে সময় নিয়ে কাজ করছিলেন, সবার আগে মাঠে নেমে মাঠ ছাড়লেন সবার পরে। সাবেক এই অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটার ততক্ষণে ঘেমে একাকার। কিন্তু চেহারায় কোনো ক্লান্তির ছাপ নেই। উল্টো মুখে চওড়া এক হাসি ফুটিয়ে বললেন, ‘আমি তো কিছুই করিনি! শুধু কোচিং করিয়েছি।’

কোচিং করাচ্ছেন ২০২০ সাল থেকে। অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৭৮ ম্যাচে ১২৮ উইকেট নেওয়া এই অফ স্পিনার খেলা ছেড়েছেন ২০১৬ সালে। এরপর বিগ ব্যাশে ব্রিসবেন হিট দিয়ে শুরু কোচিং ক্যারিয়ারের। আয়ারল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন গত বছরের আগস্টে।

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে হরিজের পরিচয়ও পুরোনো। হাথুরুসিংহে যখন নিউ সাউথ ওয়েলসের কোচ, হরিজ তখন সেই দলের খেলোয়াড়। হরিজই যা মনে করিয়ে দিলেন কথা প্রসঙ্গে, ‘আমি হাথুকে চিনি। নিউ সাউথ ওয়েলসে খেলার সময় সহকারী কোচ ছিলেন। আমি রঙ্গনার (হেরাথ) বিপক্ষেও একবার খেলেছি। সে সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার।

আয়ারল্যান্ড দলের অনুশীলনে নাথান হরিজ
ছবি: প্রথম আলো

হরিজের প্রথম উপমহাদেশ–অভিজ্ঞতা এই বাংলাদেশেই। ২০০১ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন। মিচেল জনসন, মিচেল মার্শও ছিলেন সে সফরে। সেবার বাংলাদেশের কোন মাঠে খেলেছিলেন, সেটি মনে করতে পারলেন না হরিজ। কিন্তু বাংলাদেশ সফরের তিক্ত অভিজ্ঞতাটা এখনো ভুলতে পারেননি, ‘আমরা এমন এক জায়গায় ছিলাম, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না। অন্য রকম অভিজ্ঞতা ছিল সেটা।’ এখন সেই বাংলাদেশই হরিজদের জন্য অনুপ্রেরণা, ‘কিন্তু এখন বাংলাদেশকে দেখি বিশ্বের সব দলকে হারাতে। ওরা এখন পরের ধাপে পৌঁছে গেছে। আয়ারল্যান্ডকেও আমরা সেদিকে নিতে চাই।’

আরও পড়ুন

হরিজের টেস্ট অভিষেকও উপমহাদেশেই। ২০০৪ সালে ভারত সফরে শেন ওয়ার্ন চোটে পড়ায় হঠাৎই অভিষেক। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। যদিও নিজের টেস্ট অভিষেক নিয়ে খুব একটা গর্ব করতে চাইলেন না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই টেস্টে মাইকেল ক্লার্কও যে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন, ‘বিশেষ কিছু নয়। লাল মাটির উইকেট। বল ফেলেছি, টার্ন করেছে, বাউন্সও পেয়েছি।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার নাথান হরিজ
ছবি: প্রথম আলো

তবে হরিজের গর্ব অন্য জায়গায়। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছে ২০০৪–এর সেই সফরেই, ‘ওই দলটার অংশ হতে পেরেছি। গিলক্রিস্ট ও ওই দলের তারকাদের সঙ্গে খেলেছি। এটা আমার জীবনের সেরা মুহূর্ত বলা যায়।’

নিজের ক্যারিয়ারের শুরুর দিকে গল্পটাও শোনালেন হরিজ। যখন অস্ট্রেলীয় ক্রিকেট সমর্থকেরা প্রত্যেক তরুণ স্পিনারের মধ্যে পরবর্তী শেন ওয়ার্নের খোঁজ করত। কিন্তু শেফিল্ড শিল্ড ক্রিকেটে অফ স্পিন বা ফিঙ্গার স্পিন খুব একটা গুরুত্ব পেত না।

ক্রিকেট লেখক গিডিওন হেইগ যেমন অফ স্পিনকে ক্রিকেটের ‘রাবিশ-আর্ট’ বলেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটেও অফ স্পিন নিয়ে ধারণাটা এমনই ছিল। সারা বছর ফিঙ্গার স্পিনারদের কোনো খবর নেই, যখন উপমহাদেশ সফর দুয়ারে, তখন সবাই হন্যে হয়ে স্পিনারদের খোঁজে নেমে পড়ত।

আরও পড়ুন

হরিজের কথায়ও সে সময়ের অস্ট্রেলীয় ক্রিকেটের ছবিটা ফুটে ওঠে, ‘অস্ট্রেলীয় সমর্থকদের প্রত্যাশাটা বিরাট ব্যাপার ছিল। নির্বাচক বা অধিনায়কদের এমন প্রত্যাশা ছিল না। কিন্তু সমর্থকেরা পরবর্তী শেন ওয়ার্নের খোঁজেই ছিল। কিন্তু আমরা বেড়ে ওঠার সময়টায় খুব বেশি বোলিংই পেতাম না। আমরা খুব বেশি ওভার বোলিং করিনি। ১৮ ম্যাচের মৌসুমে আমি হয়তো ৩০ ওভার বল করেছি মাত্র ২-৩ বার। এরপর আমি টেস্ট ম্যাচ খেলতে নেমেছি, যেখানে ইনিংসপ্রতি ২৫-৩০ ওভার বোলিং করতে হবে কেভিন পিটারসনদের বিপক্ষে। এটা খুবই চ্যালেঞ্জিং।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার নাথান হরিজ
ছবি: প্রথম আলো

এখন অনেক “এ” দলের সফর হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আছে। লায়নের পর যে-ই আসবে, সে হয়তো অনেকটা প্রস্তুত হয়েই আসবে। তাদের এমন উত্থান–পতনের মধ্য দিয়ে যেতে হবে না।’

হরিজ অবশ্য উত্থান–পতনটা উপভোগই করতেন। সে জন্যই খেলা ছাড়ার পর স্টক মার্কেটে যোগ দিয়েছিলেন কিছুদিনের জন্য, ‘আমি স্টক মার্কেটে নিজের ভাগ্যের পরীক্ষা নিয়েছি। খেলা ছাড়ার পর আমি সরাসরি কোচিংয়ে আসিনি। মানসিকভাবে খুবই ক্লান্ত ছিলাম। তবে স্টক মার্কেট অনেকটা ক্রিকেটের মতোই, উত্থান–পতন থাকে।’

হরিজ এখন যে পেশায় আছেন, সেটিতেও তো তা–ই।

আরও পড়ুন