নাটকীয় শেষ দিনে ঘুচল মোহামেডানের ১৬ বছরের অপেক্ষা

মোহামেডানের শিরোপা জেতার আনন্দপ্রথম আলো

অবশেষে শেষ হলো মোহামেডানের অপেক্ষা। লিগের শেষ দিনে নানা নাটকীয়তা আর সমীকরণ মিলিয়ে ১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে আবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার এটিই মোহামেডানের প্রথম শিরোপা।

লিগের শেষ দিনে মোহামেডানের সামনে সমীকরণটা একটু জটিলই ছিল। আবাহনীর বিপক্ষে শুধু জিতলেই হতো না, শেষ ম্যাচে হারতে হতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। বিকেএসপির পাশাপাশি দুই মাঠে পূরণ হয়েছে মোহামেডানের দুটি প্রত্যাশাই।

প্রাইম ব্যাংকের বিপক্ষে ডিএলএসে ৯ রানের জয় পেয়েছে ঢাকা লেপার্ডস, ওদিকে পাশের মাঠে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীকে বৃষ্টি আইনে মোহামেডান হারিয়েছে ৬৩ রানের বড় ব্যবধানে। ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো মোহামেডান। আবাহনী ও প্রাইম ব্যাংক দুই দলেরই পয়েন্ট সমান ১৬। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় রানার্সআপ হয়েছে আবাহনী।

টসে হেরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পেয়েছেন মোহামেডানের পারভেজ হোসেন আর এনামুল হক। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন তামিম ইকবালকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এনামুল হক। তামিমের সেঞ্চুরি ২৪টি, এনামুলের ২৫টি।

আবাহনীর বিপক্ষে লিগের শেষ ম্যাচে ১১৫ বলে ১৪১ রান করেছিলেন এনামুল। পারভেজ আউট হন ১১৬ বলে ১৫০ রান করে। ৪ উইকেটে মোহামেডান থামে ৪০৬ রান করে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, গত বছর প্রাইম ব্যাংকের করা ৪২২ রানই এখনো সর্বোচ্চ।

রানের পাহাড় টপকে যাওয়ার কাজটা কঠিনই ছিল আবাহনীর জন্য। তার ওপর ২৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে আবাহনী ১৭৮ রান করার পরই বৃষ্টি নামে। ৬৪ বলে ৮৫ রান করে অনিক সরকার আর ২২ বলে ২৪ রান করে সাব্বির রহমান অপরাজিত তখন। পরে আর খেলা শুরু হতে না পারায় ডিএলএস পদ্ধতিতেই ঠিক হয় ম্যাচের ফলাফল।

লেপার্ডসের বিপক্ষে প্রাইম ব্যাংক প্রথম ওভারেই ওপেনার রিজান হোসেনের উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন রায়ান রাফসান রহমান ও আজিজুল হাকিম। দুজনেই পেয়েছেন ফিফটি।

কিন্তু সে জুটি ভাঙার পর প্রাইম ব্যাংক আর সুবিধা করতে পারেনি। শেষ দিকে আকবর আলীর ৩৮ বলে ৫১ রানের ইনিংসে তবু পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৬৬ রান করে প্রাইম ব্যাংক। ৫ উইকেট পান লেপার্ডসের পেসার আল ফাহাদ।

তাড়া করতে নেমে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করার পর বৃষ্টি নামে। আর খেলা না হওয়ায় এই ম্যাচেও ডিএলএস পদ্ধতিতেই নির্ধারণ হয় ফলাফল, যাতে ৯ রানে জিতে যায় লেপার্ডস।

দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের সঙ্গে টাই করেছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৪৯.১ ওভার খেলে ২২৫ রানে অলআউট হয় গুলশান। জবাবে পুরো ৫০ ওভার খেলে রূপগঞ্জও ৮ উইকেটে ২২৫ রানে থামে।

এই টাইয়ের পর প্রথম বিভাগে অবনমন হয়ে গেছে গুলশানের। ১০ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট মাত্র ৫। একটি জয় বেশি থাকায় বেঁচে গেছে রূপগঞ্জ। এক ম্যাচে ওয়াকওভার দিয়ে আগেই লিগ থেকে অবনমিত হয়ে গিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

আরও পড়ুন