ম্যালান ঝড়ের পর কারেন-তোপে সিরিজ ইংল্যান্ডের
জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। হাতে ৪ উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন সমীকরণ হয়তো নয়, আবার একেবারে সহজও নয়। উইকেটে ম্যাথু ওয়েডের সঙ্গে প্যাট কামিন্স। অস্ট্রেলিয়াও এ দুজনের দিকেই তাকিয়ে ছিল। কিন্তু স্যাম কারেনের করা শেষ ওভার থেকে ১৩ রানের বেশি নিতে পারলেন না ওয়েড-কামিন্স।
ইংল্যান্ডের তোলা ৭ উইকেটে ১৭৮ রানের পেছনে ছুটতে গিয়ে অস্ট্রেলিয়া থামে ৬ উইকেটে ১৭০ রানে। ৮ রানে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জিতে নিয়েছে।
ক্যানবেরার মানুকা ওভালের ম্যাচটিতে ১৭ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। ১৮ বলে দরকার ছিল ৩৩ রান। ততক্ষণে ২১ বলে ৪০ রান তুলে ইংল্যান্ডের জয়ে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে টিম ডেভিড।
তবে ১৮তম ওভার করতে এসে দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে ডেভিডকে বোল্ড করে দেন কারেন। ওখানেই ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। শেষ ওভারে দেওয়া ১৩ রানসহ চার ওভারে মাত্র ২৫ রান খরচ কারেনের, উইকেট নেন ৩টি।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের (২৯ বলে) ইনিংস খেলা মিচেল মার্শের উইেকটটি অবশ্য বেন স্টোকসের। আগের ম্যাচে ৭৩ রান করা ডেভিড ওয়ার্নার আউট হন ৪ রানে, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩ রানে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেদিনের দল থেকে পাঁচ পরিবর্তন আনা হয় আজকের একাদশে। দলে ফেরেন প্রথম পছন্দের চার বোলার মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জামপা।
সঙ্গে ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পার্থক্য হয়েছে এটুকুই—আগের ম্যাচে ইংল্যান্ড তুলেছিল ২০৮ রান, এবার ৩০ রান কম।
৫৪ রানের মধ্যে চার উইকেট তুলে অবশ্য ভালো শুরুই এনে দিয়েছিলেন কামিন্স-স্টয়নিস-জামপারা। কিন্তু ডেভিড ম্যালান আর মঈন আলীর পঞ্চম উইকেট জুটি ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায়।
৫২ বল স্থায়ী জুটিতে ৯২ রান যোগ করেন দুজনে। মঈন ৪টি চার ও ২টি ছয়ে ২৭ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। তিনে নামা ম্যালান টিকে ছিলেন ২০তম ওভার পর্যন্ত।
স্টয়নিসের বলে স্টিভেন স্মিথের ক্যাচ হওয়ার আগে ৪৯ বলে ৮২ রানের ইনিংস খেলেন ম্যালান। তার ইনিংসে ছিল ৭টি চার ও চারটি ছক্কা। ইংল্যান্ডকে বিপর্যয় থেকে টেনে তোলা ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩৪ রানে ৩ উইকেট নেন স্টয়নিস।