নিউজিল্যান্ড অনভিজ্ঞ? কী বলছেন অধিনায়ক টম ল্যাথাম

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামশামসুল হক

ওয়ানডে সিরিজ থেকেই আলোচনাটা চলছে। বড় তারকারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটা নিউজিল্যান্ড খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ওয়ানডেতে তা নিয়েই অবশ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল।

টি–টুয়েন্টি সংস্করণে নিউজিল্যান্ডের দলটা আরও বেশি অনভিজ্ঞ। যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই টম ল্যাথামই যেমন ম্যাচ খেলেছেন ২৯টি, এর মধ্যে ১৩টিতেই অধিনায়ক হিসেবে, পূর্ণ শক্তির দল হলে তাঁর সুযোগও মেলে না।

টি–টুয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ইশ সোধি। একাই খেলেছেন ১৪০ ম্যাচ, স্কোয়াডের বাকি সবার অভিজ্ঞতা ১৩৬ ম্যাচের। এর মধ্যে ৪ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি।

আরও পড়ুন

তবে সিরিজ শুরুর আগের দিন দলটির অধিনায়ক ল্যাথাম অভিজ্ঞতার ঘাটতি আছে মানতে রাজি হননি, ‘আমাদের কারও কারও অনভিজ্ঞতা আছে (আন্তর্জাতিক ক্রিকেটে), কিন্তু তারা ঘরোয়া ক্রিকেটে খেলছে। কয়েকজন আছে, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায় দুনিয়াজুড়ে; যেখানে ভালো প্রতিপক্ষ থাকে আর আন্তর্জাতিক ক্রিকেটারও।’

টি–টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে ল্যাথাম ও লিটন
শামসুল হক

কারও কথা অবশ্য আলাদা করে বলতে চাননি কিউই অধিনায়ক, ‘কারও নাম আলাদা করে বলতে চাই না। কিন্তু আমি যেমনটা বলেছি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, এমন অনেকে আছে। এই ধরনের কন্ডিশনেও তারা আগে খেলেছে, তাদের জানাশোনা আছে।’

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। যদিও পরের দুই ম্যাচে আর সেভাবে ভালো করতে পারেনি তারা।

আরও পড়ুন

কিউই অধিনায়ক বলেন, এবার সংক্ষিপ্ত সংস্করণের খেলা হওয়ায় আরও ভালো করতে পারবেন তাঁরা, ‘একজনের একটা দারুণ দিন কাটানোটাই যথেষ্ট (টি–টুয়েন্টিতে)। কয়েক ওভারের মধ্যেই খেলাটা ঘুরে যেতে পারে। যত লম্বা সংস্করণের খেলা হয়, তত বেশি সময় লাগে খেলা ঘুরতে। কিন্তু টি–টুয়েন্টিতে হয়তো এক ওভার, এমনকি কয়েকটা বলেও তা হতে পারে। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছু।’

বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল।