এবার টাই ম্যাচ সুপার ওভারে জিতল পাকিস্তানি মেয়েরা
আবারও টাই দেখল মেয়েদের ওয়ানডে ক্রিকেট। গত মাসে মিরপুরে টাই হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান নারী ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। সুপার ওভারে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ।
১ মাস ১১ দিন পর আজ ক্রাইস্টচার্চে আরেকবার টাই ম্যাচের অংশ হয়েছে পাকিস্তান নারী দল। এবার অবশ্য সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি।
ক্রাইস্টচার্চের ম্যাচটির পাশে ‘মরা’ ম্যাচের তকমা বসে গিয়েছিল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেই যে সিরিজ নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই মরা ম্যাচই উপহার দিল রুদ্ধশ্বাস লড়াই।
অ্যামেলিয়া কারের ৭৭ ও ম্যাডি গ্রিনের ৬৫ রান ভর করে ৮ উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়ায় ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৪ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৬ রান। কিন্তু দ্রুতই ৪ উইকেট হারিয়ে ৪৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৪৪/৯।
শেষ ওভারে আর ১ উইকেট নিলেই জিতে যায় নিউজিল্যান্ড, পাকিস্তানের দরকার ছিল ৮ রান। নাজিহা আলভি ও গুলাম ফাতিমারা প্রথম চার বলে নিতে পারেন ২ রান। সমীকরণটা যখন ২ বলে ৬ রানের, ৪টি বাই রান পেয়ে যায় পাকিস্তান। ১ বলে ২ রান, এমন সমীকরণে দাঁড়িয়ে ১ রান নিয়ে ম্যাচ টাই করে দেন নাজিহা।
সুপার ওভারে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা পাকিস্তানকে এনে দেন ১১ রান। জবাবে ৫ বলের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সাদিয়া ইকবালের করা ওভারে কিউইরা তুলতে পারে ৮ রান।
এর আগে রান তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মারুফ। এ ছাড়া ৩০ ছাড়িয়েছেন আলিয়া রিয়াজ (৪৪) ও ফাতিমা সানা (৩৬)।