রিটায়ার্ড আউটের নতুন যুগ, লাভ হচ্ছে কতটা
ভারতে আয়ুশ মাতরে ও পাকিস্তানে সাদ বেগ। ‘রিটায়ার্ড আউট’ হতে হলো দুজনকেই। অথচ দুজনই পেয়েছিলেন ফিফটি। তবে ব্যাট হাতে ফিফটিই তো আধুনিক টি-টুয়েন্টি ক্রিকেটে যথেষ্ট নয়! থাকে নানা ধরনের হিসাব–নিকাশ। কালও হিসাব–নিকাশ করেই আয়ুশকে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস, সাদকে করাচি কিংস।
চোট ছাড়া অন্য কোনো কারণে কোনো ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেলে বা তাঁকে তুলে নিলে সেটিকে ‘রিটায়ার্ড আউট’ বলা হয়। চলতি বছরে এই রিটায়ার্ড আউট টি-টুয়েন্টি ক্রিকেটে প্রায় নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। যদিও এবারের আইপিএলে আয়ুশই প্রথম ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউটের শিকার হয়েছেন। অন্যদিকে সাদ তো পিএসএল ইতিহাসেই প্রথম।
৩৬ বলে ৫৯ রান করা আয়ুশকে তুলে কাল নামানো হয় শিবম দুবেকে। তিনি ১০ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। বলা যায়, নিজের কাজটা করেছেন এই বাঁহাতি।
অন্যদিকে সাদ ৩৭ বলে ৫৩ রান করার পর তাঁকে তুলে নেওয়া হয়। উদ্দেশ্য ওই একটাই—দ্রুত রান তোলা। উইকেটে পাঠানো হয় পেস বোলিং অলরাউন্ডার আব্বাস আফ্রিদিকে। মজার ব্যাপার হলো, নিজের খেলা শেষ বলেও চার মেরেছিলেন সাদ। আর আফ্রিদি ২ বলে করেছেন শূন্য।
এই দুজনকে নিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৬৯ জন ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হয়েছেন। এর মধ্যে চলতি বছরের প্রথম এই চার মাসেই রিটায়ার্ড আউট হয়েছেন ১১ জন। গত বছর এভাবে রিটায়ার্ড হয়েছিলেন ২৯ জন। মানে ২০২৫ সালের শুরু থেকেই এমন প্রবণতা বাড়ছে। এর মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সব মিলিয়ে রিটায়ার্ড আউট হয়েছেন ১৫ জন।
এখন পর্যন্ত এই তুলনামূলক নতুন কৌশলের ফলাফল খুব একটা সফল বলা যায় না। —কখনো কাজে লেগেছে, কখনো লাগেনি। এ বছর মোট ১১ বার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র চারবার দল জিতেছে। ওই চার জয়ের ক্ষেত্রেও নতুন নামা ব্যাটসম্যানরা কতটা প্রভাব রাখতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
যেমন গত ৭ জানুয়ারিতে এসএ টি-টুয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস রোস্টন চেজকে ১৫ বলে ২৪ রানে থাকা অবস্থায় রিটায়ার্ড আউট করে। তবে তাঁর বদলে নামা শেরফান রাদারফোর্ড দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে যান। চেজ আউট হওয়ার পর প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংসের শেষ ১০ বলে তারা মোটে ১০ রানই যোগ করতে পেরেছিল।
একইভাবে নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ৮ জানুয়ারিতে নর্দার্ন ডিস্ট্রিক্টস যখন ১২ বলে ৫ রান করা টিম প্রিঙ্গলকে রিটায়ার্ড আউট করে, তাঁর বদলে নামা বেন পোমারে করেন ৫ বলে ১ রান। কাল দুবে অবশ্য কিছুটা অবদান রেখেছিলেন। তবে ১০ বলে ২০ রান এখন আর আইপিএলে বড় কোনো বিষয় নয়।
এ বছর মার্চে ঘানার ক্রিকেটার ভারানি মাজিরকে রিটায়ার্ড আউট করে তাঁর দল, তবে সেই সিদ্ধান্তও ম্যাচে প্রভাব ফেলতে পারেনি। মালাউইর দেওয়া ৯৮ রান তাড়া করতে নেমে ভারানির ৪১ বলে ৩০ রানের ইনিংস দলকে চাপে রেখেছিল। তাঁকে তখন তুলে নিয়ে নামানো হয় আইজাক আবয়াগাকে। তবে তিনি আউট হয়ে যান প্রথম বলেই!