আইপিএলের কারণে ‘ক্যারিয়ার শেষ হয়ে গেছে’ পিটারসেনের

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকেভিন পিটারসেনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

২০১৪ সালে ৩৩ বছর বয়সে অনেকটা হঠাৎ করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড সতীর্থদের সঙ্গে তখন তাঁর সম্পর্কটা ভালো যাচ্ছিল না, ঝামেলায় জড়ান ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেই সমাপ্তি নিয়ে সম্প্রতি বিস্ফোরক এক তথ্য দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

পিটারসেনের দাবি, আইপিএলকে প্রাধান্য দেওয়ার কারণে মূলত ইসিবির বিরাগভাজন হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত এ দ্বন্দ্বের জেরেই জায়গা হারান জাতীয় দলে।

ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে তাঁর চ্যানেলে আলাপচারিতায় এমন দাবি করেন পিটারসেন। খোলামেলা এ আলাপচারিতায় স্মৃতিচারণা করেন ২০০০–এর দশকের শেষ দিকে সেই দিনগুলোর কথা। তখন কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের আইপিএলে খেলতে দিতে রাজি ছিল না ইসিবি। পিটারসেন জানান, আইপিএলে খেলার ব্যাপারে তাঁর অনড় অবস্থানই বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি এক দ্বন্দ্বের সূত্রপাত করেছিল, যা মূলত ইংল্যান্ড দলে তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায় নির্ধারণ করে দিয়েছিল।

আইপিএলে পাঁচ মৌসুম খেলেন পিটারসেন
বিসিসিআই

আইপিএলে বর্তমানে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই খেলছেন। পিটারসেন তাতে নিজের অবদানের কথা স্মরণ করিয়ে টেনে আনেন ২০০৯ সালে ইসিবির সঙ্গে তাঁর বিরোধের স্মৃতি, ‘আমি বড় ত্যাগ স্বীকার করেছি। নিজের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আর এ কারণেই সেই প্রশাসনের সবাই আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।’

পিটারসেন মনে করেন, তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ করে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘যখন ইংল্যান্ডের হয়ে আমার পথচলা শেষ হয়, তখন আমার বয়স মাত্র ৩৩, খেলেছি ১০৪টি টেস্ট। অথচ আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল এবং রান হওয়া উচিত ছিল ১২–১৩ হাজার। আমার এটা প্রাপ্য ছিল।’

আরও পড়ুন

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন পিটারসেন। ইংল্যান্ডের হয়ে টেস্টে ৪৭.২৮ গড়ে ২৩ সেঞ্চুরিসহ মোট ৮১৮১ রান করেন। ১৩৬ ওয়ানডেতে ৪০.৭৩ গড়ে ৯ সেঞ্চুরিসহ ৪৪৪০ রান করেন পিটারসেন। ৩৭ টি–টুয়েন্টিতে ১৪১.৫১ স্ট্রাইক রেটে তাঁর রান ১১৭৬।

পিটারসেন মনে করেন, সে সময় তিনি আইপিএল খেলার পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন বলেই বর্তমানে ইংল্যান্ডের ক্রিকেটাররা ইচ্ছেমতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারছেন। পিটারসেন বলেন, ‘কিছুদিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নিই। সে–ও আমাকে ধন্যবাদ দিয়েছে। কারণ, আমি যে ত্যাগ স্বীকার করেছি, তারা সেসবের ফল ভোগ করছে।’

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০০৯ সালে আইপিএলে অভিষেক পিটারসেনের। মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে পাঁচ মৌসুম খেলেছেন আইপিএলে। ৩৬ ইনিংসে ৩৭.০৭ গড়ে ১ সেঞ্চুরি, ৪ ফিফটিসহ মোট ১০০১ রান করেন পিটারসেন। স্ট্রাইক রেট ১৩৪.৭২।

আরও পড়ুন