অস্ট্রেলিয়ার হয়ে এক মাস আগে অবসর, এবার পর্তুগালের হয়ে সেঞ্চুরি হেনরিকসের

চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে হেনরিকসআইসিসি

একসময় অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। খেলেছেন ওয়ানডে ও টি-টুয়েন্টিও। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার ময়জেস হেনরিকস এখন পর্তুগালের অধিনায়ক।

দেশটা অবশ্য তাঁর জন্য অপরিচিত নয়, এই পর্তুগালেই হেনরিকসের জন্ম। ৩৯ বছর বয়সে সেই জন্মভূমিকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। আর সেই অভিযানে শুরুটা হয়েছে সেঞ্চুরি দিয়ে।

পর্তুগাল এখন খেলছে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে। হেনরিকস দলটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ। এর মধ্যে গতকাল চেকিয়ার বিপক্ষে খেলেছেন ৫১ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।

হেনরিকসের জন্ম পর্তুগালের শহর মাদেইরাতে। ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর সেখানেই গড়ে ওঠে তাঁর ক্রিকেট ক্যারিয়ার। নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন দীর্ঘদিন। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টুয়েন্টি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে।

আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গত মাসে। লক্ষ্য একটাই—পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যাওয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হেনরিকস
বিসিসিআই

আর সেই অভিযানের শুরুটাও দুর্দান্ত। ফিনল্যান্ডে চলমান ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’তে পর্তুগাল পেয়েছে টানা চার জয়। এই চার ম্যাচের তিনটিতে খেলে হেনরিকসের রান ১৭৮।

সর্বশেষ চেকিয়ার বিপক্ষে তাঁর ব্যাটে ভর করে ৬ উইকেটে ২১১ রান তোলে পর্তুগাল। জবাবে ৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান করে চেকিয়া। এরপর বৃষ্টিতে খেলা আর না গড়ালে ডিএলএস পদ্ধতিতে ৯১ রানের জয় পায় পর্তুগাল।

আরও পড়ুন

এই টুর্নামেন্টে এখন তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। এর আগে ইসরায়েলের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে অপরাজিত ছিলেন ৬৬ রানে। সেই ম্যাচে পঞ্চম ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৫০ বা তার বেশি রান করার কীর্তি গড়েন। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৬২*।

এর আগে এ দুই দেশের হয়ে আন্তর্জাতিক ফিফটি ছিল মার্ক চ্যাপম্যান, টিম ডেভিড, কোরি অ্যান্ডারসন ও নীতীশ কুমারের।

তবে পর্তুগালের পরের রাউন্ডে যাওয়া এখনো নিশ্চিত হয়নি। ‘এ’ গ্রুপের সেরা দল স্পেনের বিপক্ষে আজ মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচের জয়ী দল যোগ দেবে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে।

আরও পড়ুন