ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি ঢাকায়, আরেকটি সিলেটে
সেপ্টেম্বর মাসে বলতে গেলে বেকারই বসে থাকছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যস্ততা। আজই বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ওই সিরিজ শেষ হওয়ার ৫ দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সূচি ঘোষণা করেছে বিসিবিও। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট। সিরিজ শুরুর আগে ২২ অক্টোবর থেকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে সিরিজটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও এক ড্রয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে বাংলাদেশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই টেস্ট ছাড়াও আরও চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটি আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সব কটিতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে ভালোভাবেই থাকবে বাংলাদেশ।