কেন তাঁকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে—পাঞ্জাব মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট করে বিপাকে নাসিম শাহ

পাকিস্তানের পেসার নাসিম শাহএএফপি

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে বিপাকে পড়েছেন পাকিস্তান পেসার নাসিম শাহ। কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে নাসিম শাহর এক্স একাউন্ট থেকে পোস্টটি করা হয়। বর্তমানে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক ছাড়াই খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি।

কিন্তু প্রথম ম্যাচে মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ বিশাল গাড়িবহর ও কড়া নিরাপত্তার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত হন। তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেন।

পিসিবি মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা মরিয়ম নেওয়াজের সেই ভিডিও নাসিম শাহর অ্যাকাউন্ট থেকে শেয়ার করে একটি মন্তব্য করা হয়, ‘কেন তাঁকে লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হচ্ছে?’

পোস্টটি করার কয়েক মিনিট পরই অবশ্য তা মুছে ফেলা হয়। নাসিম শাহ পরে এক পোস্টে দাবি করেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল এবং পরে তিনি তা উদ্ধার করেছেন। তবে পিসিবি এ ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি।

আরও পড়ুন

শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, নাসিম শাহ কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি মিডিয়া নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পিসিবি নির্দিষ্ট করে কোনো ধারার কথা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, নাসিম পিসিবির আচরণবিধির ২.২৩ নম্বর ধারাটি লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, বোর্ড, বোর্ডের কোনো কর্মকর্তা, স্পনসর বা নীতি নিয়ে জনসমক্ষে সমালোচনা বা কোনো ধরনের আপত্তিকর মন্তব্য করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি আইসিসি বা অন্য কোনো খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের নিয়েও এ ধরনের কোনো মন্তব্য করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নাসিম শাহকে বোর্ডের শৃঙ্খলা বিধিমালার আওতায় এই শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। নাসিমকে নির্ধারিত সময়ের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে।’ তবে ঠিক কত তারিখের মধ্যে জবাব দিতে হবে, পিসিবি তাদের বিজ্ঞপ্তিতে সেই নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেনি।

আরও পড়ুন

এর আগেও রাজনৈতিক কারণে খেলোয়াড়দের ওপর কঠোর হতে দেখা গেছে পিসিবিকে। গত বছর ইংল্যান্ড সিরিজের সময় টুপিতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েদি নম্বর ‘৮০৪’ লিখে অনুশীলন করায় অলরাউন্ডার আমের জামালকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছিল।

রাওয়ালপিন্ডির হয়ে খেলা নাসিম শাহর আজ পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামার কথা।