মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৭৪ রানের সম্বল নিয়েও ২৪ রানে পাঞ্জাব কিংসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির ফিফটির পরও ১৭৪ রানেই আটকে যায় বেঙ্গালুরু, ম্যাচের মাঝপথেও সেটি মনে হচ্ছিল বেশ কম। তবে রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাঞ্জাব। প্রভসিমরান সিং ও জিতেশ শর্মা শুরু ও শেষে আশা জাগালেও পাঞ্জাবের জন্য যথেষ্ট হয়নি তা। সিরাজ ২১ রান দিয়ে নেন ৪ উইকেট, সঙ্গে সরাসরি থ্রোয়ে একটি রানআউটও করেন।
পাঁজরের চোটে এ ম্যাচে ফিল্ডিং করেননি ডু প্লেসি, তাঁর বদলে অধিনায়কত্ব করেন কোহলি। ২০২১ সালের পর এই প্রথম আইপিএলে দেখা গেল অধিনায়ক কোহলিকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে বিনা উইকেটে ৯১ রান-বেঙ্গালুরুর স্কোর এক সময় ছিল এমন। দুই ওপেনার কোহলি ও ডু প্লেসি পান ফিফটির দেখা। তাঁদের ওপেনিং জুটিই টেকে ১৬ ওভার। তবুও বেঙ্গালুরু ২০ ওভারে আটকে যায় ৪ উইকেটে ১৭৪ রানেই।
দিনের ম্যাচে মোহালির উইকেট ছিল একটু ধীরগতির, বল পিচে থেমে থেমেও আসছিল। পাওয়ার প্লের পরের অংশে (৭-৯ ওভার) কোহলি অবশ্য ঐতিহাসিকভাবেই আইপিএলে ধীরগতির, তবে ডু প্লেসি রানের গতিটা ধরে রেখেছিলেন। ১০ ওভার পর থেকে নাটকীয়ভাবে কমতে শুরু করে সেটিও। বেঙ্গালুরুও পথ হারায়।
ডু প্লেসি ফিফটি পূর্ণ করেন ৩১ বলে, তবে পরের ৩৪ রান করতে তিনি খেলেন আরও ২৫ বল। অন্যদিকে কোহলি ফিফটিই করেন ৪০ বলে, শেষ পর্যন্ত থামেন ৪৭ বলে ৫৯ রান করেই। ১৭তম ওভারে পর পর দুই বলে কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে বেঙ্গালুরুকে চেপে ধরেন হারপ্রীত ব্রার। পরের ওভারে নাথান এলিসের শিকার ডু প্লেসি। বেঙ্গালুরুর হয়ে শেষ দিকে তাই উড়াল দিতে পারেননি কেউ। ব্রারের পর এলিসের সঙ্গে কারেনের গতির বৈচিত্র চাপে ফেলে তাদের।
বোলিংয়ের সেই প্রেরণা ব্যাটিংয়ের শুরুতে কাজে লাগাতে পারেনি পাঞ্জাব। পাওয়ার প্লে ছিল সিরাজময়। দ্বিতীয় বলেই এলবিডব্লু করেন অথর্ভ তাডেইকে। পঞ্চম ওভারে তাঁর শিকার লিয়াম লিভিংস্টোন। সিরাজের দুটি উইকেটই আসে রিভিউ নিয়ে। এ নিয়ে এ মৌসুমে সিরাজের পাওয়ার প্লের উইকেট ৬টি, মোহাম্মদ শামির সঙ্গে যেটি যৌথভাবে সর্বোচ্চ। মাঝে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হন ম্যাথু শর্ট। সিরাজ বোলিং না করলেও আলোচনায় ছিলেন, ষষ্ঠ ওভারে মিড অফ থেকে তাঁর সরাসরি থ্রোয়ে রানআউট হন হারপ্রীত সিং।
৬ ওভারে ৪৯ রান তুলতেই ৪ উইকেট হারানো পাঞ্জাব এরপর আর পথে খুঁজে পায়নি দ্রুতই। ইমপ্যাক্ট বদলি হিসেবে নামা প্রভসিমরান সিং আশা হয়ে ছিলেন, তাঁর ৩০ বলে ৪৬ রানের ইনিংস শেষ হয় ওয়েইন পারনেলের বলে বোল্ড হয়ে। তবে লক্ষ্যটা এমন, পাঞ্জাবকে ঠিক হিসাবের বাইরে বের করে দেওয়া যাচ্ছিল না কোনো পর্যায়েই।
১০৬ রানে ৭ উইকেট হারানোর পর তাদের টানেন জিতেশ, ব্রারকে নিয়ে ২৮ বলে যোগ করেন ৪১ রান। এক পর্যায়ে ২৪ বলে ২৭ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। ১৮তম ওভারে সিরাজকে ফেরান কোহলি। তিনি করেন জোড়া আঘাত। ৪০ রানে কোহলির হাতে জীবন পাওয়া জীতেশ ছিলেন তখনো, তবে শেষ উইকেট বলে চাপটা ছিল আরও বেশি। হার্শাল প্যাটেলকে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন তিনি, ইনিংসে সেটিই ছিল প্রথম ক্যাচ।