টেস্টে বাংলাদেশের সঙ্গে আরও বেশি খেলতে চান ক্যারি
কোন দলের বিপক্ষে খেলতে হবে, সেটি খেলোয়াড়েরা ঠিক করেন না। ক্রিকেট বোর্ডই ঠিক করে কখন কোন দলের সঙ্গে খেলা, কখন নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনাগ্রহে যেমন ২০০৩ সালের পর আর অস্ট্রেলিয়ায় গিয়ে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ।
তবে সদ্য সমাপ্ত সিরিজের পর অ্যালেক্স ক্যারির আশা, আগামীর দিনগুলোতেও তারা বাংলাদেশকে টেস্ট প্রতিপক্ষ হিসেবে পাবেন। আজ ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে চান তারা।
২৩ বছর পর এবারই প্রথম অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় ৯ নম্বরের বাংলাদেশ। তবে ম্যাকাইয়ে পরের টেস্টে ঘুরে দাঁড়িয়ে দুই দিনের মধ্যে ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজে সমতা আনে অস্ট্রেলিয়া।
এর আগে জুনে বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি–টুয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে জিতেছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়া টি–টুয়েন্টিতে।
বাংলাদেশের বিপক্ষে তিন মাসের মধ্যে হওয়া তিন সংস্করণেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে উল্লেখ করে ক্যারি বলেন, ‘এটি একটি রোমাঞ্চকর সিরিজ ছিল, চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’
টেস্টে ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে আরও দেখতে চান বলেও জানান ক্যারি, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে আমরা বাংলাদেশকে আরও অনেকবার দেখতে পাব। আমরা তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে চাই। ম্যাচের পর তাদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়াটাও বেশ ভালো লাগার।’