টি–টুয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানপ্রথম আলো

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামীকাল থেকে। আজ আইসিসির ওয়েবসাইটে এ আসরের জন্য ৪০ জন ধারাভাষ্যকারের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

গত ৩০ জানুয়ারি টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকাও প্রকাশ করে আইসিসি। বাংলাদেশ থেকে সেই তালিকায় আছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা, অ্যালান উইলকিনস ধারাভাষ্যকারদের এই তালিকায় সবচেয়ে পরিচিত মুখ। পাশাপাশি টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্রাফেটরাও এবার ৫৫ ম্যাচের বিশ্বকাপে খেলার বর্ণনায় নতুন মাত্রা যোগ করবেন।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা: রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাফেট, এউইন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এম্পুলেলো মাবাঙ্গুয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইড়ু, বাজিদ খান, রওনক কাপুর, নিয়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আরনল্ড, রোশান অ্যাবেইসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও টেম্বা বাভুমা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, এখন ধারাভাষ্য কক্ষ থেকে এটি দেখাটা হবে নতুন অভিজ্ঞতা। গতি, চাপ এবং সেকেন্ডের ভগ্নাংশ সময় সব বদলে দিতে পারে এবং এটাই টি-টুয়েন্টি ক্রিকেটের শীর্ষবিন্দু।’

এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপের সহ–আয়োজক দেশ ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অর্ন্তভুক্ত করে আইসিসি।

আরও পড়ুন