সৌম্যও বাদ, টেস্ট দলে কেন নেই কোনো তৃতীয় ওপেনার

সৌম্য সরকার ও হাবিবুল বাশারপ্রথম আলো

অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজে দলে ছিলেন সৌম্য সরকার। কোনো ম্যাচেই তাঁর একাদশে জায়গা হয়নি। এ মাসেই আফগানিস্তানের বিপক্ষেও দলে থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। পাঁচ বছর পর টেস্ট দলে ফিরে ম্যাচ খেলার আগেই বাদ পড়েছেন এই ওপেনার।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা মিরপুর টেস্টের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ দুই ওয়ানডেতে যথাক্রমে ৯ ও শূন্য রানে আউট হয়ে যান, পরে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ওয়ানডেতে খারাপ পারফরম্যান্সের কারণে কি টেস্ট দল থেকেও বাদ পড়ে গেলেন? প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আসলে তা নয়।

আজ বসুন্ধরায় সাংবাদিকদের হাবিবুল বাশার বলেন, ‘বাদ পড়ার একটা অনেক বড় কারণ আমাদের এখন প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। এখানে (জাতীয় দলে) আমাদের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং জুটি আছে তারাই হয়তো খেলবেন। আমরা চাই ও প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক।’

খালেদ আহমেদ
কেন্ট

শুধু সৌম্য নন, তানজিদ হাসান ও সাদমান ইসলাম ছাড়া আর কোনো ওপেনারকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। সর্বশেষ কয়েকটি সিরিজে এই দুজনই একাদশে নিয়মিত মুখ। প্রধান নির্বাচক জানিয়েছেন, তৃতীয় ওপেনারদের হিসেবে বিবেচনায় আছেন এমন ব্যাটসম্যানদের তাঁরা প্রথম শ্রেণির ক্রিকেটে দেখতে চান। এ জন্য জাতীয় দলে কাউকে রাখা হয়নি।

হাবিবুল বাশার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দল দেব, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবেন। সেটা কে হয় তা আমরা পরে সিদ্ধান্ত নেব; কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাঁদের তৃতীয় ওপেনার হিসেবে আমরা বিবেচনা করছি, তাঁরা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক। এ জন্য আসলে এখানে কাউকে রাখা হয়নি।’

সৌম্যর বাইরে আফগানিস্তান সিরিজের দলে থাকা খালেদ আহমেদও নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে এলেও আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়নি খালেদের। তাঁর জায়গায় দলে ফিরেছেন তাসকিন আহমেদ, আবুধাবি টেস্টের একাদশে থাকা হাসান মাহমুদ ও ইবাদত হোসেন এবং বেঞ্চে থাকা পেসার শরীফুল হাসান আছেন এই টেস্টে।

বেঞ্চে বসে থাকার চেয়ে খালেদকেও প্রথম শ্রেণির ক্রিকেটেই দেখতে চেয়েছেন প্রধান নির্বাচক, ‘এই মুহূর্তে তো আমাদের টপ থ্রি ইবাদত, শরীফুল, হাসানকে বিবেচনা করছি, তাসকিন ফিরেছে। খালেদেরও আসলে একাদশে ঢোকার সুযোগ কম; কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকা যখন যাব, এমনকি পরের টেস্টেই হয়তো খালেদ স্কোয়াডে ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলাটাকেই গুরুত্ব দিচ্ছি।’

আরও পড়ুন