ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

৬ উইকেট নেওয়ার পর দর্শকদের ম্যাচের বলটা দেখাচ্ছেন বিয়ার্ডম্যানএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের খেলার এই এক শক্তি।

বল টেম্পারিং নিয়ে উসমান খাজার অভিযোগে তোলপাড় চলছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। আট বছর আগে কেপটাউন টেস্টে আসলে কী ঘটেছিল—সেই প্রশ্ন এখন সবার মুখে। কিন্তু পার্থে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের পরপর বল টেম্পারিং থেকে অনেকের নজর সরে গেছে মাহলি বিয়ার্ডম্যানে। কে এই ২১ বছর বয়সী পেসার?

কারণ, ইংল্যান্ডের ১৩১ রানে অলআউট হওয়ায় ওয়ানডে অভিষেকেই ২৪ রানে ৬ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ সেরেছেন এই পেসার। তাড়া করতে নেমে ১৫৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে বিয়ার্ডম্যানের বোলিংই সেরা। বিয়ার্ডম্যান পেছনে ফেলেন বর্তমান অস্ট্রেলিয়া দলের নির্বাচক ও সাবেক পেসার টনি ডোডেমাইডের কীর্তি। ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ২১ রানে ৫ উইকেট নেন ডোডেমাইড।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্বাগতিক দর্শকদের সামনে ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে আরও একটি কীর্তি গড়েন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ হিসেবে ৫ উইকেট নেওয়ার পথে পেছনে ফেলেন কুপার কনোলিকে।

২০০৫ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডুনসবরোয় জন্ম বিয়ার্ডম্যানের। ২০১৩–১৪ অ্যাশেজে মিচেল জনসনের বোলিং দেখে তাঁর অ্যাকশনের অনুসরণ করতে শুরু করেন ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ার হয়ে ২০২৪ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের আগেই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশে বোলিং করতেন। আজ ইংল্যান্ডের বিপক্ষেও ১৪০ কিমির বেশি গতিতে বোলিং করেন।

নিজ প্রতিভায় ১০ বছর বয়সে স্থানীয় কোচদের চোখে পড়েন বিয়ার্ডম্যান। ধীরে ধীরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের নজর কেড়ে নেন। সেই কাঁচা বয়সে তাঁকে পেস বোলিংয়ের ‘ধারাপাত’ শিখিয়েছেন অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ডেনিস লিলি।

দুই বছর আগে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সেই ফাইনালে ১৫ রানে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ পেসার ছোটদের বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বোলিংয়ের স্বপ্নের কথা বলেছিলেন। এখনো সেই স্বপ্নপূরণ না হলেও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের উত্তরসূরি হওয়ার পথে বেশ খানিকটা এগিয়ে গেলেন বিয়ার্ডম্যান।

বিস্তারিত আসছে...।