টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড
টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানে সাধারণত উইকেটে টিকে থাকার চেয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা। ব্যাটসম্যানের হাতে তখন সময়ও কম, সুযোগও সীমিত। সেই জায়গায় ব্যাট করতে নেমেই এবার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জয়দেব উনাদকাট।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল নতুন ইতিহাস লিখেছেন সৌরাষ্ট্রের অধিনায়ক। ভারতের হয়ে ৪ টেস্ট, ৮ ওয়ানডে এবং ৪ টি-টুয়েন্টি খেলা এই পেসার স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন।
টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন উনাদকাট। খেলেন ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস।
এত দিন স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ড্যানি ব্রিগসের। ২০২০ সালের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১ নম্বরে নেমে ১৮ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন উনাদকাট।
তবে একটা অদ্ভুত মিল আছে দুই রেকর্ডের গল্পে। ব্রিগসের রেকর্ড গড়ার ম্যাচে যেমন হেরেছিল তাঁর দল, উনাদকাটের বিশ্ব রেকর্ডের দিনও হার এড়াতে পারেনি সৌরাষ্ট্র।
উনাদকাটের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শেষ উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে তাঁর জুটি। দুজন মিলে ৪৯ বলে যোগ করেন ৬২ রান। সাকারিয়ার অবদান ২৫ বলে ২১। তাঁদের এই জুটি সব ধরনের টি-টুয়েন্টিতে দশম উইকেটে সর্বোচ্চ রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয়।
এই তালিকায় তাঁদের ওপরে আছে শুধু গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবরের জুটি। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে দশম উইকেটে ৬৩ রান যোগ করেছিলেন তাঁরা।