সেই পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া
একসময় তাঁকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো। কিন্তু একের পর এক কনকাসন অল্প বয়সেই থামিয়ে দিয়েছে উইল পুকোভস্কির ক্যারিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তাঁকে। মাথায় আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
এবার সেই কষ্টের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন পুকোভস্কি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে তাঁর একটি সমঝোতা হয়েছে। তবে সমঝোতার আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।
খেলা ছেড়ে দেওয়ার আগে মোট ১৩ বার কনকাসনের শিকার হয়েছিলেন পুকোভস্কি। ২০২৪ সালের আগস্টে কনকাসন বিশেষজ্ঞদের একটি প্যানেল তাঁকে ক্রিকেট ছাড়ার পরামর্শ দিলে তিনি অবসরের সিদ্ধান্ত নেন।
মাথায় বারবার আঘাত পাওয়ার প্রভাবে পুকোভস্কির এখনো দৃষ্টিসংক্রান্ত সমস্যা, মাথাব্যথা ও বমি বমি ভাব রয়েছে। শরীরের বাঁ পাশ দিয়ে বিভিন্ন কাজ করতেও তাঁর সমস্যা হয় বলে জানা গেছে। এ ছাড়া তাঁর ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামের মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।
পুকোভস্কির মাথায় আঘাত পাওয়ার প্রথম ঘটনাটি অবশ্য ক্রিকেটের বাইরের। ২০১৪ সালে ব্রাইটন গ্রামার স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনের সময় সতীর্থের হাঁটু তাঁর মাথার পাশে আঘাত করে। তখন তাঁর বয়স মাত্র ১৬। আঘাতে অজ্ঞান হয়ে যান পুকোভস্কি। কিন্তু কয়েক মিনিট পরই তাঁকে আবার অনুশীলনে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। সেই ঘটনার পর দীর্ঘ সময় স্কুলে যেতে পারেননি তিনি, পরে হাসপাতালেও ভর্তি হতে হয়।
এ ঘটনা নিয়ে পরে স্কুলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন পুকোভস্কি। তাঁর অভিযোগ, দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন।
এরপর ক্রিকেটে এসেও মাথায় বারবার আঘাত পেতে হয় তাঁকে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। সিডনিতে প্রথম ইনিংসে খেলেন ৬২ রানের ইনিংস। কিন্তু এমন দারুণ শুরুর পরও তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার আর এগোয়নি। শেফিল্ড শিল্ডের ম্যাচ বা অনুশীলনে কখনো বাউন্সার, কখনো অন্যভাবে মাথায় আঘাত পেয়ে বারবার থমকে গেছেন।
২০২৪ সালের শেফিল্ড শিল্ড মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর আর মাঠে ফেরা হয়নি তাঁর; শেষ পর্যন্ত ক্রিকেটই ছেড়ে দেন।
চিকিৎসকদের পরামর্শে খেলা ছেড়ে দেওয়ার পরও পুকোভস্কি আইনি লড়াই চালিয়ে যান। ২০১৪ সালের স্কুল ফুটবলের সেই ঘটনার জন্য ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে করা মামলার পাশাপাশি কনকাসন নিয়ে অস্ট্রেলিয়ার খেলাধুলায়ও তাঁর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়।
কোড স্পোর্টস জানিয়েছে, সিএ ও ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে সম্প্রতি একটি গোপন আর্থিক সমঝোতা হয়েছে পুকোভস্কির। তবে ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাচ্ছেন, তা গোপন রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় ক্রীড়াক্ষেত্রে কনকাসন নিয়ে আইনি লড়াই এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিশ্বের অন্য খেলাগুলোতেও একই ধরনের মামলা ও ক্ষতিপূরণের নজির আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) সাবেক খেলোয়াড়দের কনকাসন এবং দীর্ঘমেয়াদি মস্তিষ্কের ক্ষতি নিয়ে হওয়া মামলাগুলোতে এখন পর্যন্ত ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সমঝোতা করেছে।