বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে নতুন খবর, হতে পারে জানুয়ারিতে
সেপ্টেম্বরে নয়, ভারত বাংলাদেশ সফর করতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বার্তা সংস্থাটিকে সেই সূত্রের ভাষ্য, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
ভারতের বাংলাদেশ সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছর জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, বাংলাদেশ সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচগুলো। তবে এই সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।
গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফর ঘোষণার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। ভারতীয় উগ্রবাদীদের রোষানলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি বাংলাদেশ দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল সেই বিশ্বকাপ। বাংলাদেশ দাবি করেছিল, তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে নেওয়া হয়। সেটি করেনি আইসিসি, বাংলাদেশের জায়গায় তারা স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে।
এএনআই তাদের প্রতিবেদনে জানিয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মিলেছে। চলতি মাসের শুরুতে ভারত সফর করেন তামিম। এ সময় তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও ঘুরে দেখেছেন বলে জানা গেছে।