পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন, বিসিবি কী বলছে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা আগামী সপ্তাহে। কিন্তু পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনায় অনিশ্চয়তার মুখে পড়েছে এই সফর।
এদিকে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সিরিজটি সূচি অনুযায়ী চলবে ধরে নিয়েই এখন পর্যন্ত দুই ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশে আসার সম্ভাব্য ফ্লাইট কোনটি হলে ভালো হয়, পিসিবি সে বিষয়ে এখন কাজ করছে বলে জানায় বিসিবির এই সূত্র।
গত ২০ ফেব্রুয়ারি বিসিবির ঘোষণা করা সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। পরদিন পাকিস্তান দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। বিসিবি সূত্র বলছে, কাছাকাছি সময়ে ঈদুল ফিতর থাকায় পাকিস্তান দলের ফেরার দিনক্ষণ নিয়ে ভাবছে পিসিবি।
বর্তমানে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে এবং ইরান ও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় অস্থিরতা ও আতঙ্কাবস্থা বিরাজ করছে। জিও সুপার জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তানের বাংলাদেশ সফরটি এখন অনিশ্চিত। সিরিজ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভ্রমণঝুঁকি বা নিরাপত্তাসংক্রান্ত শঙ্কা না বাড়লে তবেই সিরিজটি আয়োজন করা হবে।
এই সিরিজের দল নিয়ে শিগগিরই পিসিবিতে আলোচনা শুরু হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে এখন মনোযোগ পাকিস্তান দলের। জিও সুপারকে সূত্রের দাবি, নির্বাচক কমিটি দলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। খারাপ ফর্মে থাকা বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নেওয়াজদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।
গত বছরের নভেম্বরে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে সালমান আগার দল জিতেছিল ৩–০ ব্যবধানে।