খালেদ নিলেন আরও ৩ উইকেট, ম্যাচে মোট ৮টি
দিনের শুরুতেই হাসান মাহমুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কেন্ট। সর্বশেষ ম্যাচ খেলার পর দেশে ফিরে এসেছেন এই পেসার। রয়ে গেছেন খালেদ আহমেদ। আর সেই খালেদই মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ভিডিও বার্তায় কেন্টের হয়ে ৫ উইকেট নেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন হাসান। সঙ্গে ‘গুড লাক’ জানিয়েছেন ম্যাচের বাকি অংশের জন্য।
আজ কেন্ট–ল্যাঙ্কাশায়ার ম্যাচের দ্বিতীয় দিনে সেই ‘শুভ কামনা’ বৃথা যায়নি। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে খালেদ নিয়েছেন আরও ৩ উইকেট। সব মিলিয়ে ম্যাচে বাংলাদেশি এ পেসারের শিকার মোট ৮ উইকেট।
কেন্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে আজ নিজের দ্বিতীয় বলেই কিটন জেনিংসকে জ্যাক ক্রলির ক্যাচ বানান খালেদ। তাঁর দ্বিতীয় শিকার মার্কাস হ্যারিস। অস্ট্রেলিয়ান এ ব্যাটসম্যানও ক্যাচ দেন ক্রলির হাতে। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে হ্যারিসের ব্যাট থেকেই।
খালেদের তৃতীয় উইকেট আরাব শেঠি। ১১ রান করা এই ব্যাটসম্যন ক্যাচ দেন বেঞ্জামিনের হাতে। আরাবের আউটটি ছিল ল্যাঙ্কাশায়ারের ষষ্ঠ উইকেট। অর্থাৎ, ম্যাচে ১০ উইকেট নেওয়ার হাতছানি ছিল খালেদের সামনে। তবে কেন্টের ম্যাট মিলনেস ও কিথ ডাজন দ্রুত শেষ চার উইকেট তুলে নিলে খালেদের আর খুব বেশি সুযোগ আসেনি। মাঠ ছেড়েছেন ১৫ ওভারে ৫ মেডেন ৫২ রানে ৩ উইকেট নিয়ে। তিনটি করে উইকেট নিয়েছেন মিলনেস ও ডাজনও। এর আগে খালেদ প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪২ রানে ৫ উইকেট।
প্রথম ইনিংসে ১৬১ রান করা ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৯২ রানে। কেন্টে প্রথম ইনিংসে ৬৩ রানে লিড নেওয়ায় জয়ের জন্য চতুর্থ ইনিংসে পেয়েছে ১৪০ রানের লক্ষ্য।
২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শেষ করেছে কেন্ট। আগামীকাল তৃতীয় দিনে জয়ের জন্য ৫৬ রান দরকার, হাতে ৮ উইকেট।