চলে গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটের ‘আঙ্কেল পার্সি’
তিনি শ্রীলঙ্কান ক্রিকেটের ‘মাসকট’। অনেকে ডাকেন ‘সুপারফ্যান।’ কেউ কেউ আবার বলেন ‘আঙ্কেল পার্সি।’ পাঁচ দশকের বেশি সময় ধরে শ্রীলঙ্কার ম্যাচে গ্যালারিতে নিয়মিত মুখ ছিলেন। সেই মুখটা এখন থেকে আর দেখা যাবে না।
দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর ৮৭ বছর বয়সে আজ মারা গেছেন পার্সি আবেসেকেরা। তাঁর মৃত্যুর খবরটি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি), ‘কিংবদন্তি চিয়ারলিডার পার্সি আবেসেকেরার স্মরণে। ক্রিকেট মাঠে তাঁর ভালোবাসা ও উদ্দীপনা খুব মিস করা হবে।’
আইপিএল চিয়ারলিডার ধারণার প্রচলন ঘটালেও পার্সি আবেসেকেরা বহু আগে থেকেই শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য এই দায়িত্ব পালন করছিলেন। বৈশ্বিকভাবে নজর কাড়েন শ্রীলঙ্কা ১৯৯৬ বিশ্বকাপ জেতার পর। লাহোরে ফাইনাল শেষে শ্রীলঙ্কার পতাকা নিয়ে প্রদক্ষিণ করেছিলেন মাঠ।
শুধু শ্রীলঙ্কা নয়, অন্যান্য দলের খেলোয়াড়দের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল পার্সির। ছান্দসিক ইংরেজি ভাষায় কথা বলতেন, কৌতুকপূর্ণ মন্তব্যে খোঁচা বিনিময় করতেন খেলোয়াড়দের সঙ্গে। শ্রীলঙ্কা দলের বেশির ভাগ বিদেশ সফরে বিশেষ করে টেস্ট গ্যালারিতে পরিচিত মুখ ছিলেন পার্সি। শ্রীলঙ্কান ক্রিকেট প্রথম প্রজন্মের ‘সুপারফ্যান’ ছিলেন তিনি।
শ্রীলঙ্কার বাইরের ক্রিকেটাররাও পার্সিকে ভালোবাসতেন। ক্রিকেটের প্রতি পার্সির ভালোবাসা দেখে আশির দশকে নিউজিল্যান্ড কিংবদন্তি মার্টিন ক্রো তাঁকে নিজের ম্যাচসেরার ট্রফি উপহার দিয়েছিলেন। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তাঁকে দেখতে গিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পার্সি। অসুস্থ থাকতেই তাঁর পাশে গিয়ে কিছুক্ষণ সময় কাটান রোহিত। গত মাসে পার্সিকে আর্থিকভাবে সাহায্য করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ক্রিকইনফো জানিয়েছে, মৃত্যুর আগে কিছুদিন হাসপাতালে ছিলেন পার্সি।