বেশি চাপের কারণেই চোটে আফ্রিদি, একমত নন ওয়াসিম আকরাম

চোটের কারণে পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন শাহিন শাহ আফ্রিদিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফ...বড় নাম প্রায় সবই আছে। এশিয়া কাপের পাকিস্তান দলে বড় নামের মধ্যে নেই শুধু শাহিন শাহ আফ্রিদি। এই একটি নামের না থাকাই ভাবিয়ে তুলছে পাকিস্তানের ক্রিকেট মহলকে।

আফ্রিদি ছিটকে পড়েছেন হাঁটুর চোট নিয়ে। এটা নিয়েই পাকিস্তানের ক্রিকেটে তোলপাড়। দেশটির সাবেক ক্রিকেটার আর সমর্থকদের অনেকেই বিষয়টি নিয়ে ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে। সাবেক ক্রিকেটার আর সমর্থকদের কথার সারমর্মটা এ রকম—আফ্রিদিকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি তারা। সব সংস্করণে সমানে খেলিয়ে যাওয়ার কারণেই চোটে পড়েছেন আফ্রিদি।

আরও পড়ুন
অনেকে মনে করছেন, সব সংস্করণ মিলিয়ে টানা ম্যাচ খেলে যাওয়ার কারণেই চোটের শিকার হয়েছৈন আফ্রিদি
ফাইল ছবি

কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম অবশ্য তাঁদের সঙ্গে একমত নন। এটা ঠিক যে আফ্রিদি পাকিস্তানের বোলিং আক্রমণের নেতা, তাঁর না থাকায় এশিয়া কাপে দলকে ভুগতে হবে। কিন্তু আফ্রিদির চোটে পড়ার পেছনে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের কোনো দোষ দেখেন না আকরাম।

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার আকরাম বলছেন, ‘পাকিস্তান শাহিন আফ্রিদিকে মিস করবে। সে দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সে নতুন বলে উইকেট নেয়। এই সংস্করণে সবাই বলে থাকে, প্রতিপক্ষকে দমিয়ে রাখতে হলে আপনাকে নতুন বলে উইকেট নিতে হবে। এ কাজ সে করে, স্টাম্প বরাবর বল করে। সব সংস্করণেই সে ধারাবাহিক এবং পাকিস্তানের মূল বোলার।’

আরও পড়ুন
কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
ফাইল ছবি

আকরাম এরপর পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে কথা বলেছেন। আকরামের কথা, ‘তার (আফ্রিদি) কাজের চাপ সামলানো না নিয়ে থিঙ্কট্যাংকের সমালোচনা হচ্ছে। কিন্তু তার বয়স মাত্র ২১ বছর (আসলে ২২ বছর), তাকে ক্রিকেটটা খেলতে হবে।’

অতিরিক্ত খেলার কারণে আফ্রিদির চোটে পড়ার তত্ত্ব যাঁরা দিয়েছেন, তাঁদের উদ্দেশে কথা বলতে গিয়ে আকরাম নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরণ টেনে এনেছেন, ‘একজন ফাস্ট বোলার হিসেবে আমি কখনোই চোটে পড়িনি। কিন্তু যাঁরা এই চোটে পড়েছেন, আমাকে বলেছেন যে এ থেকে সেরে উঠতে সময় লাগে। আর ফিরে আসার পর আপনি আবার চোটে পড়া নিয়ে ভয়ে থাকবেন। শতভাগ ফিট না হওয়ার আগে বোলিংই করতে পারবেন না।’

২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

আরও পড়ুন