কোচ মাহবুব আলীর স্মরণে কুমিল্লায় টি-টুয়েন্টি টুর্নামেন্ট
মাহবুব আলী নামেই দেশের ক্রিকেটে তাঁর পরিচিতি, তবে কুমিল্লায় তাঁকে সবাই চেনে ‘জাকি’ নামে। খেলার মানুষ ছিলেন বিসিবির পেস বোলিং কোচ মাহবুব আলী, খেলার মাঠ থেকেই পাড়ি জমিয়েছেন পরপারে। গত ২৭ ডিসেম্বর বিপিএল চলাকালীন সিলেটে মাঠে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি হৃদরোগে আক্রান্ত মাহবুবকে।
কুমিল্লার সাবেক ক্রিকেটার মাহবুব খেলেছেন স্থানীয় ইলেভেন স্টার ক্লাবে, খেলেছেন কুমিল্লা জেলা দলের হয়েও। তাঁর স্মরণে আজ কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ‘মাহবুব আলী জাকি স্মৃতি অনূর্ধ্ব-১৭ টি-টুয়েন্টি কাপ’ নামে টুর্নামেন্টটির আয়োজক ঐতিহ্যবাহী ইলেভেন স্টার ক্লাব। ৪ মার্চ একই মাঠে হবে ফাইনাল।
লাল এবং সবুজ দুই গ্রুপে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। লাল গ্রুপের চার দল—টাইগার ক্রিকেট একাডেমি, কুমিল্লা ক্রিকেট একাডেমি, ক্রিকেট স্কুল কুমিল্লা ও কুমিল্লা ক্রিকেট স্কুল সেন্টার। সবুজ গ্রুপের চার দল—স্টার ক্রিকেট একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি, রাইজিং স্টার একাডেমি এবং ইউনিটি ক্রিকেট একাডেমি। প্রতিদিন ম্যাচ হবে দুটি করে।
মঙ্গলবার সকালে সবুজ গ্রুপের স্টার ক্রিকেট একাডেমি ও ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করে স্টার ক্রিকেট একাডেমি। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়ান্সরা। স্টার ক্রিকেট একাডেমি ম্যাচ জেতে ৬০ রানে। বিকেলে দিনের দ্বিতীয় ম্যাচে লাল গ্রুপের টাইগার্স ক্রিকেট একাডেমি মুখোমুখি হয় কুমিল্লা ক্রিকেট একাডেমির।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলেভেন স্টার ক্লাবের সভাপতি ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক বদরুল হুদা বলেন, ‘মাহবুব আলী জাকি খেলার মানুষ ছিলেন, খেলার মাঠেই তাঁর জীবনাবসান হয়েছে। তাঁর কীর্তি ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। ইলেভেন স্টার ক্লাবের সদস্য হিসেবে আমরা তাঁর স্মৃতি এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য টুর্নামেন্টের আয়োজন করেছি।’
আয়োজক কমিটির সদস্যসচিব জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক বলেন, ‘জাকিকে সম্মান জানানোর জন্য আমাদের ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, আমরা একসঙ্গে এই মাঠে ও ঢাকায় ক্রিকেট খেলেছি, একসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছি। সর্বোপরি আমরা কুমিল্লার সন্তান, কুমিল্লার ক্রিকেটকে প্রমোট করার জন্য এবং জাকিকে সম্মান জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করব প্রতিবছর এই টুর্নামেন্টটি করার জন্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (জেলা পিপি) কাইমুল হক।