সোবহানার সেঞ্চুরির ম্যাচে ৯ উইকেটে হার বাংলাদেশের

রেকর্ড গড়া জুটি গড়েছেন নিগার সুলতানা ও সোবহানা মোস্তারিক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা আগে যে ছয়টি ওয়ানডে খেলেছিল, কোনোটিতেই দুই শ রানও করতে পারেনি। আজই প্রথম তাদের বিপক্ষে দুই শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাতে অবশ্য লাভ হলো না। ব্রিসবেনে ৯ উইকেটের হারে সোবহানা মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি (১১৮) আর নিগার সুলতানার ফিফটি বৃথাই গেছে শেষ পর্যন্ত।

আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল ছয় উইকেট হারিয়ে ২২০ রান করেছিল। কিন্তু এই রান নিয়েও অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে সামান্যতম লড়াইও করতে পারেনি তারা। ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

অস্ট্রেলিয়াকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন দুই ওপেনার জর্জিয়া ভল আর ফিভি লিচফিল্ড মিলেই। কিন্তু তাঁদের ১১৯ বলে ১৬২ রানের জুটিটি ভেঙে যায় স্বর্ণা আক্তারের বলে ৫১ বলে ৭০ রান করা লিচফিল্ড হাবিবা আক্তারের হাতে ক্যাচ দিলে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী জর্জিয়া ভল অবশ্য সেঞ্চুরি করেছেন। ১৯ চারে ৯৭ বলে ১৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। ৭.২ ওভারে ৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এর মধ্যে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার নাহিদা আক্তারের (১১) আগের রেকর্ডটি ছাড়িয়ে যান ফারজানা হক (১২)।

আগের ম্যাচে ১৫৩ রানে অলআউট হয়েছিল নিগার সুলতানার দল। আজও ওরকম শুরু ব্যাটিং বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছিল। তবে এরপরই সোবহানা মোস্তারির সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে একটু একটু করে এগোতে থাকে বাংলাদেশ।

৬৬ বলে ফিফটি করা সোবহানাকে দারুণ সঙ্গ দিয়েছেন নিগার। তবে যে অবস্থায় উইকেটে এসেছিলেন, স্বাভাবিকভাবেই একটু ধীরগতিতে খেলতে হয়েছে নিগারকে। যে কারণে তাঁর ফিফটিটা এসেছে ৯৭ বল খেলে।

সোবহানা তিন অঙ্কে পৌঁছেছেন এই জুটিতেই। সাদারল্যান্ডের বলে দৌড়ে এক রান নিয়ে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, সেটাও অস্ট্রেলিয়ার মাটিতে। ছেলে–মেয়ে মিলিয়েই সব সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। গত আগস্টে ডারউইন টেস্টে প্রথম সেঞ্চুরিটি আসে তানজিদ হাসানের ব্যাট থেকে।

নারী ক্রিকেটে প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা কতটা কঠিন, একটি পরিসংখ্যানই বলে দেবে সেটা। সোবহানা ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত তাদের বিপক্ষে সেঞ্চুরি আছে আর কেবল সাতজন ব্যাটারের। এর মধ্যে ভারতের স্মৃতি মান্ধানার সেঞ্চুরি দুটি।

এমন সেঞ্চুরির পর নিজের অনুভূতি জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি সেঞ্চুরি করে খুবই খুশি। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলেছি, তাদের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবার সেঞ্চুরি পেলাম। আমি খুবই খুশি।’

সোবহানার ১৩৪ বলের ইনিংসটা ১১৮ রানে গিয়ে শেষ হয় ম্যাগান শ্যুটের বলে বোল্ড হয়ে। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে যান নিগার সুলতানা।

তবে তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশের স্কোরবোর্ডে যে রানটা এসেছে, আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার জন্যও যথেষ্ট হয়নি সেটা।

আরও পড়ুন