আবরার–জাদুতে মুলতান টেস্টের প্রথম দিনটা পাকিস্তানের

অভিষেক টেস্টে সাত উইকেট নিয়েছেন আবরারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে চশমা, বয়স ২৪। নাম আবরার আহমেদ। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে তাঁর। পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে নেমেই এই লেগ স্পিনার ছুঁয়েছেন ৪৬ বছরের পুরোনো এক রেকর্ড। টেস্ট ইতিহাসে ১৩তম বোলার হিসেবে অভিষেকেই নিয়েছেন প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট। টেস্টের প্রথম সেশনেই কীর্তিটা গড়ে ফেলেছেন তিনি।

পাকিস্তানের প্রথম বোলার হিসেবে অভিষেক টেস্টে প্রথম সেশনে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন এই রহস্যময়ী স্পিনার। অভিষেকেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট তুলে নেওয়ার প্রথম কীর্তি অস্ট্রেলিয়ার বিল লকউডের—১৮৯৩ সালের জুলাইয়ে।

শুধু কি তাই, প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়া আবরার উইকেট নিয়েছেন আরও দুটি। ইংল্যান্ডকে ২৮১ রানে গুটিয়ে দেওয়ার পথে ১১৪ রানে ৭ উইকেট নিয়েছেন আবরার। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন তিনি। এর আগে টেস্ট অভিষেকে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। ১৯৫০ সালে তিনিও এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই।

আরও পড়ুন

পাকিস্তানি কোনো বোলারের অভিষেকে ৭ উইকেটের এটি তৃতীয় ঘটনা। আগের কীর্তি দুটি মোহাম্মদ নাজির (১৯৬৯) ও মোহাম্মদ জাহিদের (১৯৯৬)। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বাকি ৩ উইকেট নেন জাহিদ মাহমুদ। চলতি সিরিজেই অভিষেক হয়েছে এই লেগ স্পিনারের।

অভিষিক্ত আবরার জাদুতে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৮১ রানে
ছবি: এএফপি

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও বেন ডাকেটের উদ্বোধনী জুটি ৯ ওভারের মধ্যেই ৩৮ রান তুলে ফেলে। এরপরই আবরার আহমেদের আবির্ভাব। ৩৭ বলে ১৯ রান করে ক্রলি বোল্ড হন আবরারের গুগলিতে।

দ্বিতীয় উইকেট জুটিতে ডাকেট ও ওলি পোপ গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ১১৭ রানের মাথায় আবরারের শিকার হন ডাকেট। আউট হওয়ার আগে ডাকেট ৪৯ বলে করেন ৬৩ রান। ইংল্যান্ডের পরের তিন উইকেট আবরার তুলে নেন যথাক্রমে দলের ১৪৫, ১৬৪ ও ১৬৭ রানে। আউট হন জো রুট, ওলি পোপ ও হ্যারি ব্রুকস। দারুণ ছন্দে থাকা পোপ করেন ৬১ বলে ৬০ রান।

আরও পড়ুন

প্রথম সেশনে আবরারের ৫ উইকেটের কীর্তির বিপরীতে ইংল্যান্ডও একটি রেকর্ড গড়েছে। প্রথম দুই ঘণ্টায় তোলা ৫ উইকেটে ১৮০ রান টেস্ট ইতিহাসে প্রথম দিনের মধ্যাহ্নবিরতির আগে সবচেয়ে বেশি রান। এত দিন সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তোলা ১ উইকেটে ১৭৯ রান।

ইংল্যান্ডকে ২৮১ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ১০৭ রান নিয়ে। ৬১ রানে অপরাজিত আছেন গত টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক বাবর আজম।