বিশ্বকাপ ফাইনালে ছক্কার পর ছক্কায় ১৭৫ রান, সূর্যবংশীর রেকর্ডের পর রেকর্ড

সেঞ্চুরির পর সূর্যবংশীআইসিসি
১৭৫ রান! তা–ও আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। বিশ্বকাপ ফাইনালে তাঁর এই অবিশ্বাস্য ইনিংসে হয়েছে একের পর এক রেকর্ড। সূর্যবংশীর ব্যাটে ভর করেই ভারত তোলে ৪১১ রান।

১৭৫

বৈভব সূর্যবংশীর ১৭৫ রান যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের রেকর্ড ছিল এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে সামির মিনহাসের ১৭২ রান। এটি ছেলে ও মেয়েদের সিনিয়র ও জুনিয়র, যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অ্যালিসা হিলির ১৭০ রান ছিল সর্বোচ্চ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন সূর্যবংশীর দখলে। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ বাওয়ার ১৬২* রান ছিল আগের রেকর্ড।

১৭৫ রান যুব ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০২ সালে আম্বাতি রাইডুর ১৭৭* রান ভারতের হয়ে সর্বোচ্চ।

১৫

১৭৫ রানের ইনিংসে সূর্যবংশী মেরেছেন ১৫টি ছক্কা, যা অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ ১৪ ছক্কার রেকর্ড ছিল তাঁরই। সূর্যবংশী পাঁচবার যুব ওয়ানডেতে ১০ বা তাঁর চেয়ে বেশি ছক্কা মেরেছেন। অন্য সব ব্যাটসম্যান মিলিয়ে এই কীর্তি হয়েছে মাত্র তিনবার।

১৫০

এই ইনিংসে সূর্যবংশী বাউন্ডারি থেকেই করেছেন ১৫০ রান—১৫টি চার ও ১৫টি ছক্কা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারি রানের রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল ২০১৮ সালে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার ১২৪ রান। আজ মোট ৩০টি বাউন্ডারি মারেন সূর্যবংশী, যা এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। বয়াগোদাও তাঁর ১৯১ রানের ইনিংসে সমান বাউন্ডারি মেরেছিলেন।

আরও পড়ুন

৭১

১৫০ রান পূর্ণ করতে সূর্যবংশীর লেগেছে ৭১ বল—যুব ওয়ানডেতে দ্রুততম। এর আগে এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ৮৪ বলে করা ১৫০ ছিল তাঁরই রেকর্ড।

আউট হয়ে ফিরছেন সূর্যবংশী
আইসিসি

৫৫ বলে করা সূর্যবংশীর সেঞ্চুরিটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম সেঞ্চুরিটি ছিল এই আসরেই জাপানের বিপক্ষে উইল মালাইজচুকের ৫১ বলে।

১১০

অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২৫ ইনিংসে সূর্যবংশীর ছক্কা সংখ্যা ১১০। দ্বিতীয় স্থানে থাকা জাওয়াদ আবরারের (৫৫) দ্বিগুণের বেশি। এই সংস্করণে আর কেউ ৪০ ছক্কার কাছেও নেই। এর মধ্যে ৩০টি ছক্কা এসেছে এই বিশ্বকাপে। ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তাঁর। আগে এক আসরে সর্বোচ্চ ছিল ২০২২ সালে ডেভাল্ড ব্রেভিসের ১৮টি। ফিন অ্যালেনও ২০১৬ ও ২০১৮ মিলিয়ে ১৮ ছক্কা মেরেছিলেন।

অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২৫ ইনিংসে সূর্যবংশীর ছক্কা সংখ্যা ১১০
আইসিসি

১৪১২

যুব ওয়ানডেতে সূর্যবংশীর মোট রান ১৪১২, যা সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে সর্বোচ্চ। এবারের বিশ্বকাপে তাঁর রান ৪৩৯, যা এই আসরের সর্বোচ্চ। এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে চতুর্থ সর্বোচ্চ এবং ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের রেকর্ডটি শিখর ধাওয়ানের, ২০০৪ সালে তিনি করেছিলেন ৫০৫ রান।

আরও পড়ুন