দুই ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পর পরিত্যক্ত ম্যাচ

বৃষ্টির কারণে খেলা দূরে থাক, টসই হয়নি। দুই অধিনায়ক নিক কেলি ও লিটন দাসের এই হাত মেলানো ম্যাচের সমাপ্তি ঘোষণার সময়েরবিসিবি

চাইলে আরও আধঘণ্টা অপেক্ষা করে বিকাল ৪টা ৫০ মিনিটে সিদ্ধান্ত জানাতে পারতেন ম্যাচ রেফারি। ম্যাচের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সেটাই ছিল শেষ সময়। কিন্তু ম্যাচ রেফারি সে পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনই মনে করলেন না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল সিদ্ধান্তটা, ‘বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।’

বৃষ্টির ধারা এমনই ছিল যে আধঘণ্টা অপেক্ষা করলেও খেলা শুরু করা সম্ভব হতো না। ২ ঘণ্টা ১৯ মিনিট অপেক্ষার পর সে কারণেই আর অপেক্ষা করেননি ম্যাচ রেফারি।
তবে বৃষ্টির মধ্যেই গ্যালারিতে তখনো হাজারখানেক দর্শক অপেক্ষায় ছিলেন বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টুয়েন্টি শুরুর আশায়। আগের ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাঁরা হয়তো ভেবেছিলেন, সিরিজটা আজই বাংলাদেশের সিরিজ জয়ের সাক্ষী হবেন। সেটা আর হলো না।

চট্টগ্রামেই প্রথম টি–টুয়েন্টি জেতায় আজ জিতলেই সিরিজ জিতে যেত বাংলাদেশ দল। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এটি ছিল সিরিজে ফেরার ম্যাচ। ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের আর সিরিজ জয়ের সম্ভাবনা নেই, বাংলাদেশও হারবে না সিরিজ। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২ মের শেষ টি–টুয়েন্টি জিতলে নিউজিল্যান্ড বড়জোর ১–১–এ ড্র করতে পারবে সিরিজটা। আর বাংলাদেশ জিতলে তারা সিরিজও জিতবে ২–০–তে।

চট্টগ্রামের দর্শকেরা খেলা দেখতে না পারলেও বাড়ি ফিরেছেন স্বস্তির খবর নিয়ে। বিসিবি জানিয়েছে, এই ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা।

মাঠের বড় পর্দায় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা
শামসুল হক

সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টির ভাগ্যটা যে এ রকম হতে পারে, সেই সম্ভাবনা আগে থেকেই ছিল। সারা দেশে গত পরশু থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ থেকে চট্টগ্রামও বাদ থাকেনি। গতকাল সারা দিন বৃষ্টি হওয়ার পর আজ সকালের দিকে বৃষ্টি ছিল না। তবে সকাল সাড়ে ১০টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

আরও পড়ুন

দুই দলের ক্রিকেটাররা সময়মতোই মাঠে এসেছেন। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়, দর্শকেরা মাঠে আসতে শুরু করেন তার বেশ আগে থেকেই। তবে মাঠে এসেও বৃষ্টি থেকে গা বাঁচাতে বেশির ভাগ সময়ই গ্যালারির ছাদের নিচে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। মাঝে মাঝে বৃষ্টি কমলে কেউ কেউ বাইরে এসে ছবি তুলেছেন, কেউ কেউ শখ করে ভিজেছেন বৃষ্টিতে।

বৃষ্টির কারণে ম্যাচের টসও হতে পারেনি আজ। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে ৩টা ১০ মিনিট থেকে ওভারও কাটা শুরু হয়ে যায়, এরপর বিকাল ৪টা ১৯ মিনিটে আসে ম্যাচ না হওয়ার ঘোষণা।

এমনিতে পানির সংকটে ভুগতে থাকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের জন্য বৃষ্টি এক রকম আশীর্বাদ। ধূসর মাঠটা বৃষ্টির পানিতে কেবল প্রাণ ফিরে পায়। তবে দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টিটা কিনা এলো ম্যাচের দিনেই!

আরও পড়ুন