সরোয়ার ইমরানের জায়গায় নারী দলের প্রধান কোচ হেম্প

নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্পপ্রথম আলো

গুঞ্জনটা কিছুদিন ধরেই ছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। সরোয়ার ইমরানের জায়গায় বাংলাদেশ নারী দলের প্রধান কোচ করা হয়েছে ডেভিড হেম্পকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ থেকে দায়িত্ব শুরু হবে হেম্পের। ব্রিসবেনেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তি করা হয়েছে বারমুডার ৫৫ বছর বয়সী এই কোচের সঙ্গে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন সরোয়ার ইমরান। অক্টোবর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থতার পর তাঁকে আর প্রধান কোচের দায়িত্বে না রাখার আলোচনা শোনা যাচ্ছিল। এখন সেটিই সত্যি হলো।

ইমরানের জায়গায় প্রধান কোচ হওয়া হেম্পের আগেও নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাই ও এ বছরের শুরুতে নেপালে টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সময় নিগার সুলতানাদের ব্যাটিং কোচ ছিলেন হেম্প।

এ ছাড়া ২০২০ সাল থেকে দুই বছর ছিলেন পাকিস্তান নারী দলের প্রধান কোচ। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া নারী দল ও ওমেন্স বিগব্যাশে মেলবোর্ন স্টারসের কোচও ছিলেন তিনি।

২০২৩ সালের মে মাসে বাংলাদেশ হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান কোচ করা হয় ডেভিড হেম্পকে। পরের বছর ছেলেদের জাতীয় দলের ব্যাটিং কোচও হয়েছিলেন তিনি।

আরও পড়ুন