অস্ট্রেলিয়ার কাছে ৪১৯ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন শেষেই হারের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৯৬ রান তাড়া করতে নেমে আগের দিনই ৩৮ রানে চলে গিয়েছিল ৪ উইকেট। দেখার ছিল, বাকি ৬ উইকেট নিয়ে আর কতটা এগোতে পারে দলটি।

আজ অ্যাডিলেডে চতুর্থ দিনে দুই ঘণ্টাও টিকতে পারেননি ক্যারিবীয়রা। ১৯.৫ ওভারের মধ্যে ৪০ রান তুলতেই গুটিয়ে গেছে বাকি ইনিংস। সফরকারীদের ৭৭ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৪১৯ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুন

নিজেদের টেস্ট ইতিহাসে এটি রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় হার। আগের বড় হার ছিল ১৯৬৯ সালে ৩৮২ রানে অস্ট্রেলিয়ারই বিপক্ষে। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৭৭ রান অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ছিল ১৯৫২ সালের ৭৮ রান।

স্টার্কের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন জেসন হোল্ডার
ছবি: এএফপি

অ্যাডিলেডের আগে পার্থ টেস্টেও চতুর্থ ইনিংসে বড় রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। সেই ম্যাচে ৪৯৮ রানের পেছনে ছুটে ৩৩৩ রান তুলে হেরেছিল ১৬৪ রানে। এবার লক্ষ্য ১ রান কম ছিল। কিন্তু ৩০০ তো অনেক দূর, তিন অঙ্কেই পৌঁছাতে পারেননি ক্যারিবীয়রা।

আরও পড়ুন

সকালে তৃতীয় ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভন টমাস। টিকতে পারেননি জেসন হোল্ডারও, বোল্ড হন স্টার্কের বলে। ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর অলআউট হওয়াটা সময়ের ব্যাপারই ছিল। নাথান লায়ন আর মাইকেল নেসেরদের স্পিন-পেসে টেল এন্ডাররা টিকেছেন আর ঘণ্টাখানেক। দিনের সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন স্টার্ক, নেসের ও স্কট বোল্যান্ড।
ইনিংসে মোট ৬টি ক্যাচ নেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারি, যা অস্ট্রেলিয়ান উইকেটকিপারদের মধ্যে ব্রাড হাডিন ও ইয়ান হিলিদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।