আইসিসি র্যাঙ্কিং: অভিষেকের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফারহান
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনাল নিশ্চিত করলেও এখনো সেরা ছন্দে দেখা যায়নি দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান অভিষেক শর্মাকে। যার প্রভাব পড়েছে টি-টুয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অভিষেকের রেটিংয়েও।
শীর্ষ স্থান ধরে রাখলেও তাঁর অবস্থান আগের চেয়ে কিছুটা নড়বড়ে হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিলেও আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দলটির ওপেনার সাহিবজাদা ফারহান।
চলতি আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে এক আসরে দুটি সেঞ্চুরি করেন ফারহান। টি-টুয়েন্টি বিশ্বকাপে এক আসরে দুটি সেঞ্চুরি এর আগে দেখা যায়নি। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকানো ফারহান তার আগে সেঞ্চুরি করেন নামিবিয়ার বিপক্ষেও। টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন ফারহান।
ফারহানের রেটিং পয়েন্ট তাঁর ক্যারিয়ার–সেরা ৮৪৮, শীর্ষে থাকা অভিষেকের রেটিং পয়েন্ট ৮৭৪। অর্থাৎ অভিষেকের সঙ্গে ফারহানের পার্থক্য এখন ২৬ পয়েন্টের। বিশ্বকাপে ৩৮৩ রান করে ফারহান দুইয়ে ওঠার পথে পেছনে ফেলেন ইংল্যান্ডের ফিল সল্টকে। তিনে থাকা এই ইংলিশ ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮০৩।
ফারহান ছাড়াও টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়ে কিছু পরিবর্তন এসেছে। ব্যাটসম্যানদের তালিকায় ভারতের দুই ক্রিকেটার ঈশান কিষান (চতুর্থ) ও তিলক বর্মা (ষষ্ঠ) এক ধাপ করে এগিয়ে সেরা দশে নিজেদের অবস্থান আরও মজবুত করেছেন। দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ডেভাল্ড ব্রেভিসও এক ধাপ এগিয়ে অষ্টম।
জিম্বাবুয়ের হয়ে ধারাবাহিক রান সংগ্রাহক ব্রায়ান বেনেট টুর্নামেন্টে ২৯২ রান করে ছয় ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার আরও দুই ব্যাটসম্যান রায়ান রিকেলটন (দুই ধাপ এগিয়ে ১৩তম) ও এইডেন মার্করাম (চার ধাপ এগিয়ে ১৬তম) র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় আফগানিস্তানের রশিদ খানের মাত্র ১৮ পয়েন্টের পার্থক্য। বিশ্বকাপে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন বরুণ। তবে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসে লড়াই আরও জমিয়ে তুলেছেন।
টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতের জন্য সুখবর আছে। যশপ্রীত বুমরা এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন, আর অর্শদীপ সিং ছয় ধাপ লাফিয়ে এখন ১৩তম। ইংল্যান্ডের লিয়াম ডসন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ১৪তম, আর দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি ছয় ধাপ উন্নতি করে ২০তম স্থানে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী এখন ভারতের তারকা হার্দিক পান্ডিয়া, যিনি এক ধাপ এগিয়ে আসার পথে পেছনে ফেলেছেন পাকিস্তানের সাইম আইয়ুবকে।