এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস
টি–টুয়েন্টি তো এখন আসলেই ছক্কার উৎসব। বল আকাশে উঠছে, সীমানার ওপারে গিয়ে পড়ছে। ব্যাটসম্যানদের কাছে বাউন্ডারি এখন আর যথেষ্ট নয়। ছক্কা মারাটাই যেন নতুন অভ্যাস। এই অভ্যাসকে নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হ্যামিল্টনের সেডন পার্কে ইতিহাস লিখেছে ভারতীয় দল। এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কা মারা বিশ্বের প্রথম দল এখন ভারত। ২০২৬ সালে নিজেদের ৪০তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ভারতীয় ব্যাটসম্যানরা মেরেছেন ১১টি ছক্কা। তাতেই ৪০০-এর ঘরে পৌঁছে যায় দলটির ছক্কার সংখ্যা।
আগের রেকর্ডটি ছিল আইসিসির সহযোগী সদস্য দেশ অস্ট্রিয়ার। ২০২৫ সালে ৩৬ ম্যাচে ৩২৬ ছক্কা মেরেছিল দলটি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আগের সেরা রেকর্ডটিও ভারতের। ২০২২ সালে ৪০ ম্যাচে ২৮৯ ছক্কা মেরেছিল তারা। চার বছরে ছবিটা কতটা বদলে গেছে, সংখ্যাতেই তা স্পষ্ট। ২০২২ সালে ভারতের ম্যাচপ্রতি ছক্কার গড় ছিল ৭.২। এবার সেটি বেড়ে হয়েছে ১০। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ১০টি করে ছক্কা মারছে ভারত।
৪০০তম ছক্কাটি এসেছে ভারতের নীতীশ ধীরের ব্যাট থেকে। ইনিংসের ১৯তম ওভারে ব্লেয়ার টিকনারের বলে ফ্লিক করতে গিয়ে বলের ওপরের দিকে ব্যাট লাগে। বল উড়ে যায় ফাইন লেগের ওপর দিয়ে সীমানার বাইরে। ইতিহাসের পাতায় জায়গা করে নেয় সেই ছক্কা।
তবে ভারতের এই ছক্কাযাত্রায় নিউজিল্যান্ডেরও বিশেষ ভূমিকা আছে। ২০২৬ সালে ভারতের মারা ৪০০ ছক্কার মধ্যে ১৪২টিই এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এক পঞ্জিকাবর্ষে কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও এটি।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখন প্রথম তিনটি জায়গার দুটিই ভারতের। ২০২৬ সালে ৪০০, ২০২২ সালে ২৮৯। মাঝখানে অস্ট্রিয়া, ২০২৫ সালে ৩২৬ ছক্কা।