নন–স্ট্রাইক প্রান্তে ব্যাটার আগেভাগেই ক্রিজ ছেড়ে যাওয়ার পর আরেকটি রানআউটে আরেকবার বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট–বিশ্ব। ‘মানকাডিং’ নামে পরিচিত এ রানআউট যদিও ক্রিকেটের আইনসিদ্ধ, তবু ‘ক্রিকেটীয় চেতনা’র কথা বলে আরেকবার তৈরি হয়েছে বিতর্ক। লর্ডসে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের চার্লি ডিনকে এভাবে রানআউট করে ভারতকে জয় এনে দিয়েছেন দীপ্তি শর্মা।
দীপ্তি এবার বলছেন, ডিনকে ওই রানআউটের আগে একাধিকবার সতর্ক করেছিলেন তাঁরা। যদিও ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হেদার নাইটের দাবি, ডিনকে সতর্ক করা হয়নি মোটেও।
ম্যাচের ৪৪তম ওভারে নিজের অষ্টম ওভার করতে এসেছিলেন দীপ্তি। ধবলধোলাই এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান, শেষ ব্যাটার ফ্রেয়া ডেভিসের সঙ্গে স্বাগতিকদের দারুণ এক জয় এনে দেওয়ার পথে এগোচ্ছিলেন নয়ে নেমে ৪৭ রানে অপরাজিত ডিন। ওভারের তৃতীয় বলটি করার সময় থেমে যান দীপ্তি, এরপর ভেঙে দেন নন–স্ট্রাইক প্রান্তের স্টাম্প। ততক্ষণে ডিন ক্রিজের বেশ বাইরে। ভারতের আবেদনের ভিত্তিতে ডিনকে আউট দেন টেলিভিশন আম্পায়ার।
এমসিসির আইন অনুযায়ী, ‘বল খেলার মধ্যে থাকা অবস্থায়, যে মুহূর্তে বোলার সাধারণত ডেলিভারি করবেন বলে ধরে নেওয়া হয়, তার আগপর্যন্ত যেকোনো সময়ে ব্যাটার ক্রিজের বাইরে গেলে রানআউটের জন্য দায়ী হবেন।’ আগে এমন আউট ক্রিকেট আইনের ‘আনফেয়ার প্লে’ বা চেতনা-সম্পর্কিত ধারার মধ্যে থাকলেও সেটি বদলে এখন রানআউটের ধারায় যুক্ত করা হয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সাংবাদিক পিটার ডেলা পেনার দাবি, ক্রিজে আসার পর থেকে ৭২ বার অমন ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ডিন। ৭৩তম বার গিয়ে রানআউট হয়েছেন।এমন রানআউটের ক্ষেত্রে ব্যাটারকে আগে সতর্ক করতে হবে, এমন কোনো কথাও বলা নেই। তবে সিরিজ শেষে কলকাতায় ফেরার পর দীপ্তি সাংবাদিকদের বলেছেন, ডিনকে সতর্ক করেছিলেন তাঁরা, ‘এটা পরিকল্পনা করেই করা। কারণ, আমরা ক্রমাগত তাকে সতর্ক করে গেছি। আমরা আইন ও বিধি অনুযায়ীই সব করেছি। আম্পায়ারদেরও বলেছিলাম, কিন্তু সে সেখানেই (ক্রিজের বাইরে) ছিল। এর বেশি কিছু করার ছিল না আমাদের।’
অবশ্য এ সিরিজে চোটের কারণে মাঠের বাইরে থাকা ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক নাইট বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। টুইটারে দীপ্তির এসব কথা শেয়ার করে তিনি লিখেছেন, ‘ম্যাচ শেষ হয়ে গেছে, চার্লি বৈধভাবেই আউট হয়েছে। ম্যাচ ও সিরিজে জয় ভারতেরই প্রাপ্য ছিল। কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। সেটি দেওয়ার প্রয়োজনও নেই, ফলে এর মাধ্যমে আউটটির বৈধতার মাত্রা কোনোভাবেই কমবে না।’
নাইট এরপর যোগ করেছেন, ‘তারা যদি রানআউট করার এ সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতেই থাকে, তাহলে সতর্কতার ব্যাপারে মিথ্যা বলে এটিকে ন্যায্য করার প্রয়োজনীয়তা দেখা উচিত নয়।’
অবশ্য ওই ম্যাচের পর ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেছিলেন, দীপ্তি ভুল কিছু করেননি। ডিনকে সতর্ক করার ব্যাপারেও কিছু উল্লেখ করেননি তিনি তখন, ‘আজ আমরা যেটিই করি না কেন, অপরাধ করিনি। এটা খেলার অংশ, আইসিসির নিয়ম। আমার মনে হয়, খেলোয়াড়দের সমর্থন দেওয়া উচিত। দীপ্তি যে ব্যাপারটি খেয়াল করেছে, সে কারণে আমি আসলে অনেক খুশি। ব্যাটার খুব বেশি এগিয়ে যাচ্ছিল। আমার মনে হয় না সে (দীপ্তি) ভুল কিছু করেছে।’
ওই রানআউটের পর এর বিপক্ষে কথা বলেছেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্যাম বিলিংসসহ ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। আবার অ্যালেক্স হেলস বলেছেন, ‘বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার আগপর্যন্ত ক্রিজে থাকার কাজটি ব্যাটারের জন্য কঠিন হওয়ার কথা নয়।’
ডিনের আউটটি ক্রিকেটের আইনসিদ্ধ, সেটি মনে করিয়ে আরেকবার বিবৃতিও দিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসি। তাদের মতে, আইনের ব্যাখ্যা নিয়ে সব সময়ই বিতর্ককে স্বাগত জানায় এমসিসি। তবে লর্ডসে যা হয়েছে, সেটি আইনসিদ্ধই, ‘সম্মান বজায় রেখে বিতর্ক করা সব সময়ই স্বাস্থ্যকর, এটি চলাও উচিত। এমন ঘটনায় যেমন কেউ চেতনাভঙ্গ দেখতে পারেন, আবার অন্য কেউ মনে করতে পারেন, ক্রিজ ছেড়ে আগে বেরিয়ে ব্যাটারই অন্যায্য সুবিধা নিচ্ছেন।’
তবে নন-স্ট্রাইকারদের জন্য এমসিসির বার্তা আগের মতোই, ‘বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার আগপর্যন্ত ক্রিজেই থাকতে হবে। তাহলে গতকালের (ওই দিন) মতো আউট দেখা যাবে না। রোমাঞ্চকর একটি ম্যাচের শেষটা অস্বাভাবিক ছিল, কিন্তু এখানে আইনের ব্যত্যয় ঘটেনি। এর বাইরে বিবেচনারও আর কিছু নেই।’