টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেলেন রাজা তৃতীয় চার্লস

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)এমসিজির ফেসবুক পেজ

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১৮৭৭ সালে এই মার্চেই (১৫ থেকে ১৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। আগামী বছর তার ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে এই মেলবোর্নেই।

সে জন্য ফ্লাডলাইটের আলোয় আগামী বছর ১১ মার্চ থেকে ১৫ পর্যন্ত এমসিজিতে টেস্ট ম্যাচ খেলবে প্রথম টেস্টের দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচের মাধ্যমে একই ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচকে স্মরণ করা হবে।

তবে এসব খবর জানা গিয়েছিল আগেই। নতুন খবর হলো, টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসসহ বৈশ্বিক ক্রিকেটের কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকেরা গতকাল এ তথ্য জানান। ম্যাচটির এক বছর আগেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে।

আরও পড়ুন

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলকে নিয়ে এই এমসিজিতেই ১৯৭৭ সালে আয়োজন করা হয়েছিল টেস্ট ক্রিকেটের শতবর্ষ পূর্তির ম্যাচ। সেই দুই দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ১৫০ বছর পূর্তির বিশেষ টেস্ট ম্যাচে। যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত ছিলেন শতবর্ষ পূর্তির ম্যাচে। আয়োজকদের আশা, ২০২৭ সালে ১৫০ বছর পূর্তির এই ম্যাচে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসও উপস্থিত থাকবেন।

রাজা তৃতীয় চার্লস
রয়টার্স

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ বলেন, ‘রাজা অথবা রাজপরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আমরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে যথাযথভাবে আমন্ত্রণ জানিয়েছি। এটি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’

বার্তা সংস্থা এএফপিকে সিএ নিশ্চিত করেছে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গ্রিনবার্গ বলেন, ‘আধুনিক টেস্ট ম্যাচ অনেক সময় পঞ্চম দিন পর্যন্ত গড়ায় না, তাই আমরা চাইব, রাজা ম্যাচের শুরুতে উপস্থিত থাকুন। প্রথম দিনে প্রথম বলেই রাজপরিবারের কারও উপস্থিত থাকাটা আমরা নিশ্চিত করব।’

এমসিজিতে এটা হবে ছেলেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট। ব্যালটের মাধ্যমে টিকিট বিক্রি শুরুর পরই ইতিমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, যেখানে প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।

আরও পড়ুন

গ্রিনবার্গ বলেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের দারুণ কিছু পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদ্‌যাপন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সব কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাব, যাঁরা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেটপরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সব পুরুষ ও নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক টেস্ট অধিনায়ক এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটারদের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, লর্ডসের মেরিলিবোন ক্রিকেট ক্লাবে সংরক্ষিত অমূল্য অ্যাশেজের ছাইদানিও এ উপলক্ষে মেলবোর্নে আনা সম্ভব হবে।