সাদা বলের ‘সাদামাটা’ মুশফিক উজ্জ্বল লাল বলে
টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে ভারতের সম্পর্কটা একটু অন্য রকম। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানটা যে তাঁরই! সর্বোচ্চ ব্যাটিং গড়, সবচেয়ে বেশি সেঞ্চুরি—ভারতের বিপক্ষে এসবেও মুশফিকের নাম সবার ওপরে। ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টও তিনিই খেলেছেন।
২০১০ সালে চট্টগ্রাম টেস্টে মুশফিক যখন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন, তখন প্রতিপক্ষ দলের একাদশে ছিলেন রাহুল দ্রাবিড়। সেই দ্রাবিড়ই এখন ভারতের প্রধান কোচ। আজ চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটেই মুশফিক যখন ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত, তখন মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে নিজ দলের ব্যাটসম্যানদের অনুশীলন দেখছিলেন দ্রাবিড়।
১২ বছর আগের সেই টেস্টে ভারতের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটেই মুশফিকের প্রথম সেঞ্চুরি ছিল ১১৪ বলে ১০১ রানের ইনিংসটি। সেঞ্চুরিটা মুশফিক করেছিলেন ৮৮.৫৯ স্ট্রাইক রেটে। এরপরও টেস্টে মুশফিক ৫টি সেঞ্চুরি ও ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন। কিন্তু সেদিনের মতো স্ট্রাইক রেট ছিল না কোনোটিতেই।
সময়ের সঙ্গে সঙ্গে মুশফিক নিজেকে বদলেছেন। নিজেকে গড়ে তুলেছেন বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে। প্রায় ৩৮ গড়ে ৫২৩৫ রান করা মুশফিকেরই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান। বিশেষ করে এ বছর তো লাল বলের ক্রিকেটে তাঁর ফর্মও দুর্দান্ত। ৫ টেস্টে এ বছর মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩৭৯ রান, গড় ৫৪.১৪। ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটি করেছেন ১১ ইনিংসে ব্যাট করে।
তবে অন্য দুই সংস্করণে মুশফিকের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ সাদামাটাই। এ বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ৩ ম্যাচের ৩ ইনিংসে করেছেন ৩৫ রান। কুড়ি ওভারের খেলায় ২০২১ সালটাও ভালো যায়নি মুশফিকের। ১৩ ম্যাচের ১৩ ইনিংসের মুশফিকের রান মাত্র ১৮৩।
তাঁর ওয়ানডে ফর্মটাও টি–টোয়েন্টির মতোই। ১২ ম্যাচে ১১ ইনিংস খেলে মাত্র ২৩০ রান করেছেন তিনি, গড় ২৩। ২০১৩ সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটে এটাই মুশফিকের সবচেয়ে বাজে বছর। কিন্তু খেলাটা যখন লাল বলে, এখনো বাংলাদেশ দলের মিডল অর্ডারের ভরসার নাম মুশফিকই।
নিজের অনুশীলন আর খেলা নিয়ে নিখুঁত পরিকল্পনা মুশফিকের সাফল্যের অন্যতম কারণ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আজ যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিশ্রামে ছিলেন, তিনি তখন মাঠে এসেছেন এক দল নেট বোলার নিয়ে। অনুশীলনে এসেছেন টেস্ট দলের আরেক সদস্য তাইজুল ইসলামও।
ভারতীয় টেস্ট দলে থাকা বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের কথা ভেবেই হয়তো অনুশীলনে তাইজুলকে খেলছিলেন মুশফিক। ভারতীয় দলে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবও আছেন। নেটে বোলিং করার জন্য তাই ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে ক্লাব ক্রিকেটের বাঁহাতি রিস্ট স্পিনার সাইফুল ইসলামকে।
মুশফিক আজ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলার প্রস্তুতিটা সেরেছেন চট্টগ্রামের ক্রিকেটার রনি চৌধুরীর বল খেলে। মুশফিকের নেটে ছিলেন একজন করে ডানহাতি ও বাঁহাতি পেসারও। যেন ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষেই নিজেকে প্রস্তুত করছিলেন তিনি।
আজ মাঠে এসেছিলেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও। তবে তাঁর আসাটা মূলত এম এ আজিজ স্টেডিয়ামে বিজ্ঞাপনের শুটিং করতে। টেস্ট দলের অনুশীলন পুরোদমে শুরু হবে কাল থেকে। ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের দলে থাকা ক্রিকেটাররা এর মধ্যেই টিম হোটেলে উঠে গেছেন। বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা ব্যাটিং কোচ জেমি সিডন্সও দলের সঙ্গে যোগ দিয়েছেন।