রিজওয়ানকে থামাতে পারলেন না তাসকিন–মোস্তাফিজরা
তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ দুজনই চার ওভারে ৪০–এর বেশি করে রান দিয়েছেন। তবু যে পাকিস্তানের রান পৌনে ২০০–র দিকে পৌঁছায়নি, সেই কৃতিত্ব তাসকিন আহমেদ আর স্পিনারদের।
তাসকিন ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, নাসুম আহমেদ, মেহেদী হাসানরা ওভারপ্রতি রান দিয়েছেন ৬–এর ভেতরে। যে কারণে মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৭৮ রানের পরও পাকিস্তান থেমেছে ৫ উইকেটে ১৬৭ রানে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৬৮ রান।
ম্যাচের আগের দিন নিউজিল্যান্ডে পৌঁছেছেন বলে সম্ভবত মাঠে নামেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বদলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিতে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান। টসও জিতেছেন নুরুলই, তবে ব্যাট করতে দেন পাকিস্তানকে।
যে কারণে শুরুতে বোলিং নেওয়া, প্রথম ওভারেই তাঁর কিছুটা সুবিধা আদায় করতে পেরেছেন তাসকিন। রিজওয়ান–বাবর আজম মিলে ৬ বলে নিতে পেরেছেন মোটে ১ রান। তবে বাকি পেসাররা হেঁটেছেন ভিন্ন পথে। দ্বিতীয় ওভারে মোস্তাফিজ দেন ১০ রান, তৃতীয় ওভারে হাসান দেন ৯ রান। মোস্তাফিজ–হাসানের এ রান দেওয়ার গতিতে বাদ সাধেন তিন স্পিনার আর তাসকিন।
ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসেই পাকিস্তান অধিনায়ক বাবরকে ফেরান মিরাজ। উদ্বোধনী জুটিতে রিজওয়ানের সঙ্গে ৫২ রান তুলে যান বাবর, ফাইন লেগে মোস্তাফিজের ক্যাচ হওয়ার আগে ২৫ বলে করে যান ২২ রান। তিনে নামা শান মাসুদও ভালো সঙ্গ দেন রিজওয়ানকে। তাঁকে ফেরান নাসুম আহমেদ (২২ বলে ৩১ রান)।
পাকিস্তানের রানকে দেড় শ পার করান মূলত রিজওয়ান। টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ৩৮ বলে পূর্ণ করেন ফিফটি, যা সর্বশেষ আট ইনিংসে তাঁর ষষ্ঠ।
এই রিজওয়ান অবশ্য ১০ রানে আউট হয়ে যেতে পারতেন। ইনিংসের চতুর্থ ওভারে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে প্রায় ক্রিজের মাঝামাঝি চলে গিয়েছিলেন তিনি। স্টাম্পের কাছে থাকা সাব্বির রহমান ঠিকঠাক বলটাই ধরতে পারেননি। নয়তো পরিষ্কার রানআউটই হতেন পাকিস্তানি ওপেনার।
দারুণ বোলিংয়ে ম্যাচ শুরু করা তাসকিন শুধু রিজওয়ানকেই থামাতে পারেননি, নয়তো দলের প্রয়োজনে প্রতিবারই রান নিয়ন্ত্রণ অথবা উইকেট নেওয়া বোলিং করেছেন।
১৫তম ওভারে ৭ রান দিয়ে ফেরান হায়দার আলীকে। সীমানায় ডাইভিংয়ে দারুণ ক্যাচ নেওয়ার কৃতিত্বটা অবশ্য ইয়াসির আলীর।
তাসকিন তাঁর শেষ ওভারে ফেরান আসিফ আলীকেও। বাংলাদেশের বোলারদের মধ্যে উজ্জ্বলতম নামও তাসকিন। ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট যেকোনো বিচারেই দুর্দান্ত বোলিংয়ের প্রমাণ।
বিপরীত মেরুতে মোস্তাফিজুর রহমান। এক সময় সন্দেহাতীতভাবে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বোলার কোনো উইকেট তো পানইনি, ৪ ওভারে রানও দিয়েছেন বাকি সবার চেয়ে বেশি, ৪৮। হাসান মাহমুদ ১টি উইকেট পেলেও রান দিয়েছেন ৪২।
শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ৯৬ রান। ১৬৭ রান এখনকার টি-টোয়েন্টিতে খুব বড় কোনো রান নয়। কিন্তু পাকিস্তানের দারুণ বোলিং আক্রমণের বিপক্ষে এটাও যথেষ্ট বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।