আইপিএলে খেলা হচ্ছে না হাসারাঙ্গার

শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাএএফপি

চোটের কারণে আইপিএলের এ মৌসুমে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। ‘আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে’ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস তাঁর বদলি খেলোয়াড় ঠিক করবে। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক টম মুডি গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। ৩২ বছর বয়সী লিন্ডে এখনো আইপিএলে খেলেননি।

ইডেন গার্ডেনে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লক্ষ্ণৌর ম্যাচের সময় মুডি বলেন, ‘সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারছে না—এ বাস্তবতা মেনেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা বিকল্প খুঁজছি, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা ঘোষণা করা হতে পারে।’

গত ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এর পর থেকেই তিনি মাঠের বাইরে। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আইপিএলে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ছাড়পত্র পেতে হলে যে ফিটনেস পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ছিল, চোটের কারণে হাসারাঙ্গা তাতে অংশ নিতে পারেননি।

প্রোটিয়া স্পিনার জর্জ লিন্ডে
এএফপি

সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আইপিএলে এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

আরও পড়ুন

হাসারাঙ্গার অনুপস্থিতিতে এবার আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। দলটির স্পিন আক্রমণে আছেন দিগভেশ রাথি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ। তবে চোটের কারণে উদ্বোধনী ম্যাচের পর আর মাঠে নামা হয়নি পেসার মহসিন খানের। মহসিনের চোট নিয়ে মুডি জানান, তাঁর শরীরে কিছুটা ‘জড়তা’ আছে।

হাসারাঙ্গার সম্ভাব্য বিকল্প জর্জ লিন্ডে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে। সেখানে চার ইনিংসে মাত্র ১ উইকেট পান। তবে গত ১২ মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপ ছাড়াও এসএটুয়েন্টি, দ্য হানড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় নিয়মিত খেলেছেন লিন্ডে। সব মিলিয়ে ২৫০টি টি-টুয়েন্টি ম্যাচে লিন্ডের শিকার ২১৮ উইকেট, যেখানে তাঁর ইকোনমি রেট ৭.৪২।

আরও পড়ুন