যে কারণে হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানফেসবুক

প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হানড্রেডে খেলবেন মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাঁকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। দ্য হানড্রেড নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের দুই খেলোয়াড় ছিলেন। অন্যজন রিশাদ হোসেন দল পাননি। প্রশ্ন উঠতেই পারে, কেন মোস্তাফিজে আগ্রহ দেখিয়েছে বার্মিংহাম?

মোস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন কেউ নন। হানড্রেডে প্রথমবার দল পেলেও আইপিএল, পিএসএল থেকে শুরু করে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলেছেন।

সর্বশেষ আইপিএল নিলামেও চড়া দামে বিক্রি হয়েছিলেন মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে ভারতের উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আইপিএল থেকে অব্যাহতি দেয়। এরপর তাঁকে সরাসরি চুক্তিতে দলে নেয় পিএসএলের দল লাহোর কালান্দার্স।

মোস্তাফিজের সঙ্গে তাদের চুক্তি হয় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। মানে তাঁর চাহিদা তুঙ্গে। সে হিসাবে মোস্তাফিজ অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে দল তো পেতেই পারেন।

তবে বার্মিংহামের তাঁকে কেনার পেছনে বিশেষ উদ্দেশ্য আছে। দলটির কোচ শেন বন্ডের সঙ্গে মোস্তাফিজের সম্পর্কটা পুরোনো। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসে খেলার সময় মুম্বাইয়ের তখনকার বোলিং কোচ বন্ডের সঙ্গে কাজ করেছেন মোস্তাফিজ। এই সম্পর্কও দল পেতে সাহায্য করেছে।

আরও পড়ুন

ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত এক ভিডিওতে বন্ড বলেছেন, ‘আমি মুম্বাইয়ে মোস্তাফিজের সঙ্গে আগে কাজ করেছি। আমাদের একটা সম্পর্ক আছে। ও গেম চেঞ্জিং বোলার। মোস্তাফিজ অনন্য এবং ও যে অফ-স্পিনটা করে...আমার মনে হয় ওর গতির পরিবর্তন খেলায় অনেক বড় প্রভাব ফেলবে। মোস্তাফিজ এ ক্ষেত্রে অন্যতম সেরা।’

মোস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন কেউ নন
আইএল টি–টোয়েন্টি

মোস্তাফিজের স্লোয়ার ইংল্যান্ডে কাজে লাগবে বলেও মনে করেন বন্ড, ‘আমরা একটা গবেষণা করেছি। সেখানে দেখা গেছে ইংল্যান্ডের বেশ কিছু মাঠে সিজন যত যাবে বল ঘুরতে শুরু করবে। এখন যদি আপনার কাছে মোস্তাফিজ থাকে, তাহলে অনেক কাজে আসবে।’

বার্মিংহাম দলে মোস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ইথান ব্রুকস, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডনোভান ফেরেইরার সঙ্গে।

আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর।

বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড

জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কারি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন