ভারতকে হারিয়ে ফাইনাল জিততে ১৩৫ করতে হবে বাংলাদেশের মেয়েদের
থাইল্যান্ডের ব্যাংককে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তেরদাতাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ভারতের মেয়েরা। ২৫ রানে ৪ উইকেট নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ও লেগ স্পিনার ফাহিমা খাতুন।
পাওয়ার প্লেতে ভারত ‘এ’ দলকে খুব বেশি এগোতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। প্রথম ৬ ওভার শেষে ভারত ‘এ’ দলের স্কোর ছিল ১ উইকেটে ৩২। ওপেনার দীনেশ বৃন্দাকে (১৯) ষষ্ঠ ওভারে ফেরান বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। পরের ওভারেই পেসার ফারজানা ইয়াসমিনের প্রথম দুই বলে আরও দুটি উইকেট হারায় ভারত ‘এ’ দল। প্রথম বলে রানআউট হন নন্দিনী কাশ্যপ (৮)। পরের বলে সানজিদা আক্তারকে ক্যাচ দেন মিন্নু মনি (০)। ভারত ‘এ’ দল ১০ ওভারে ৪ উইকেটে তোলে ৫৩ রান। এর মধ্যে নবম ওভারে আনুশকা শর্মাকে (৮) ফেরান বাংলাদেশ ‘এ’ দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন।
পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিস। ৩৬ রান করা রাধা ১৭তম যখন আউট হন, ভারত ‘এ’ দলের স্কোর তখন ৫ উইকেটে ১১৩। ওই ওভারে দুই বল পর তনুজা কানওয়ারকেও ফেরান ফাহিমা।
শেষ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান তুলতে পারে ভারত ‘এ’ দল। ৩৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তেজাল। শেষ ওভারে তাঁর সহজ ক্যাচ ছাড়েন শারমিন।
তবে তার আগে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা ভালো কিছু ক্যাচ নিয়েছে। ফাহিমার করা ১৯তম ওভারে প্রেমা রাওয়াতের ক্যাচটি সীমানা থেকে অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে নেন ফারজানা ইয়াসমিন। তাঁর নেওয়া রাধার ক্যাচটিও দারুণ ছিল। ১টি করে উইকেট ফারজানা ও ফাতেমার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।