রোহিতদের কাছে যে দুটি চাওয়া গাভাস্কারের
রাজনৈতিক বৈরিতার প্রভাব গিয়ে পড়েছে ক্রিকেটের ওপর। যে কারণে ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না প্রায় ১১ বছর হলো। প্রবল প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের তাই বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টের দিকে চেয়ে থাকতে হয়।
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে পৌঁছায়, সেটা সবারই জানা। আইসিসি নিজেও একাধিকবার স্বীকার করেছে, বিশ্বজুড়ে দর্শকদের তুমুল আগ্রহের কারণেই ভারত-পাকিস্তানকে তারা ইচ্ছা করে একই গ্রুপে রাখে। সবচেয়ে বেশি অর্থকরী ম্যাচের ব্যাপার তো আছেই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু হয়েছে। ক্রিকেট বিশ্বের সর্ববৃহৎ এ ক্রীড়া ভেন্যুতেই (দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার) ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। ‘হাইভোল্টেজ’ ম্যাচটির একটি টিকিটের দাম কালোবাজারে ৫৭ লাখ রুপি পর্যন্ত উঠেছে। ১০ গুণ বেশি ভাড়ার পরও হোটেলগুলোর বুকিং শেষ সেই জুলাই মাসে। হোটেলে কক্ষ না পেয়ে ক্রিকেটপ্রেমীরা আহমেদাবাদের হাসপাতালে পর্যন্ত বুকিং দিয়েছেন।
দুই দেশের রথী–মহারথীদের কাছেও ভারত–পাকিস্তান ম্যাচের গুরুত্ব অনেক কিছুর ঊর্ধ্বে। মর্যাদার এ লড়াই সুনীল গাভাস্কারের মতে বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডের ‘কনক্লেভ মুম্বাই’ নামের অনুষ্ঠানে ভারত–পাকিস্তান ম্যাচে রোহিতের দলের কাছে গাভাস্কারের প্রত্যাশার ব্যাপারে জানতে চাওয়া হয়। জবাবে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের এ সদস্য বলেন, ‘আমাদের বিশ্বকাপ জিততেই হবে। তবে এই ম্যাচ (ভারত-পাকিস্তান) গুরুত্বপূর্ণ। আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, সে–ও বলবে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে; এরপর বিশ্বকাপও জিততে হবে। প্রত্যাশার মাত্রাটা এমনই।’
রোহিতের দলের কাছে ভারতীয়দের এতটা প্রত্যাশা ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ‘অজেয়’ রেকর্ডের কারণেই। ৫০ ওভারের বিশ্বকাপে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে ভারত। এবারও ভারতকেই এগিয়ে রাখছেন গাভাস্কার, ‘অবশ্যই আমরা ফেবারিট। এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।’